ঢালিউডে আলোচিত নায়িকা পরীমণির ফেসবুক পোস্টকে ঘিরে সিনেমা পাড়ায় তৈরি হওয়া আলোচনা-সমালোচনার মধ্যেই এ বিষয়ে কড়া মন্তব্য করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান।
ব্যক্তিগত বিষয় শিল্পীদের এভাবে প্রকাশ্যে আনা ঠিক নয় বলে মনে করেন এ অভিনেতা। তিনি বলেন, এসব বিষয় ঘরের ভেতরে বেডরুম বা ড্রয়িংরুমেই শেষ করে দেওয়া উচিত।
শুক্রবার (১১ নভেম্বর) রাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জয়নুল আবেদিন মিলনায়তনে গ্রেটার ময়মনসিংহ এসএসসি ৯২ ব্যাচ আয়োজিত নবান্ন উৎসবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জায়েদ খান এ কথা বলেন।
তিনি বলেন, শিল্পীদের ব্যক্তিজীবন থাকবেই। কিন্তু এ বিষয়ে ফেসবুকে পোস্ট দিয়ে সবাইকে জানানোর পক্ষে আমি নই। আমার জীবনেও অনেক ঘটনা আছে যা আমি ফেসবুক লাইভে এসে বলিনি। এতে আসলে মানুষ হাসে। শিল্পীদের নিজেদের যে ব্যক্তিগত সমস্যা সেটা আলোচনার মাধ্যমে বেডরুমেই শেষ করে করে দেওয়া উচিত।
মিম ও পরীমণির উদ্দেশে তিনি বলেন, তোমাদের এ বিষয়গুলো যেন নিজেদের মধ্যে এবং ঘরের মধ্যেই শেষ হয়ে যায়। এটা নিয়ে যেন বাইরে আর কিছু না আসে। নাহলে শিল্পীদের সম্মান কমবে, বাড়বে না।
উল্লেখ্য, পর্দার জীবনের সাথে সাথে বাস্তব জীবনও সমান আলোচিত চিত্রনায়িকা পরীমণি। জনপ্রিয় অভিনেতা শরীফুল রাজের সঙ্গে সংসার জীবন শুরু করে সিনেমার পর্দা থেকে কিছুটা সরে এসেছেন তিনি। তবে হঠাৎ ঢাকাই চলচ্চিত্রের এ অভিনেত্রীর মনের আকাশে নেমে এসেছে কালো মেঘ। আর তাই সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন মনের ক্ষোভ।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) নিজের ফেসবুকে স্বামী শরিফুল রাজ, অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ও নির্মাতা রায়হান রাফীকে নিয়ে আশ্চর্যজনক মন্তব্য করেছেন নায়িকা পরীমণি।
চিত্রনায়িকা মিমের উদ্দেশ্যে লিখেছেন, ‘নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল।’ রায়হান রাফীকে মেনশন করে লিখেছেন,‘ সিনেমার সঙ্গে সঙ্গে দালালিটাও ভালো করেন দেখি।’ সেই একই পোস্টে স্বামী রাজকে উদ্দেশ্য করে পরী লেখেন, ‘এটা এত দূর গড়াতে দেওয়া উচিত হয়নি তোমার।’
এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে জোর আলোচনা। নেটিজেনদের মনে প্রশ্ন, মিমের সঙ্গে কি প্রেমের জড়িয়েছেন রাজ? কেননা কিছুদিন আগে একটি অনুষ্ঠানে মিমের হাত ধরেছিলে শরিফুল রাজ। যা নিয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেন পরীমনি।
এদিকে বিষয়টি নিয়ে প্রথমে চুপ থাকলেও পরে মুখ খোলেন মিম। পরীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। ফেসবুকে দেওয়া পরীমণির ‘মনগড়া, মিথ্যা, বানোয়াট’ স্ট্যাটাস নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান মিম।
