ঢালিউড কুইন অপু বিশ্বাস। একটা সময় ইন্ডাস্ট্রির শীর্ষ নায়িকা হিসেবে তুমুল ব্যস্ত সময় পার করেছেন। মাঝে কিছুটা বিরতি দিয়ে আবারও সিনেমায় নিয়মিত হয়েছেন।
বর্তমানে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘অপু-জয় চলচ্চিত্র’-এর ব্যানারে সরকারি অনুদানপ্রাপ্ত ‘লাল শাড়ি’র শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন।
সিনেমার পাশাপাশি দেশ-বিদেশে বিভিন্ন স্টেজ শো-তেও দেখা মেলে অপু বিশ্বাসের। গত শুক্রবার (১১ নভেম্বর) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জয়নুল আবেদিন মিলনায়তনে গ্রেটার ময়মনসিংহ এসএসসি ৯২ ব্যাচ আয়োজিত নবান্ন উৎসবে যোগদানের কথা ছিলো তার।
কিন্তু শুটিংয়ের ব্যস্ততায় সেই আয়োজনে উপস্থিত হতে পারেননি অপু বিশ্বাস। এ কারণে ময়মনসিংহবাসীর কাছে দুঃখপ্রকাশ করেছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় অপু বিশ্বাস লিখেছেন, ‘১১ নভেম্বর ময়মনসিংহে একটা শো ছিল আমার। কিন্তু ‘লাল শাড়ি’র শুটিংয়ের কারণে যেতে পারিনি। আমি আন্তরিকভাবে দুঃখিত ময়মনসিংহবাসীর কাছে।’
বন্ধন বিশ্বাসের পরিচালনায় গত ২ নভেম্বর থেকে মানিকগঞ্জে শুরু হয়েছে ‘লাল শাড়ি’র দৃশ্যধারণ।
সিনেমাটিতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করবেন সাইমন সাদিক ও সুমিত। এ ছাড়া শহীদুজ্জামান সেলিম, আজম খান, রেবেকা সুলতানা, দোয়েল ম্যাশ, গৌতম সাহাসহ অনেকে অভিনয় করছেন।
অপু-জয় চলচ্চিত্রের ব্যানারে সিনেমাটি নির্মাণের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে ৬৫ লাখ টাকা অনুদান পেয়েছেন অপু বিশ্বাস।
