পরীমনির জন্মদিন মানেই ঘটা করে অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানে নতুন কোনো চমক। এই তো এবার জন্মদিনের আয়োজনে রাজ-পরীকে সংবাদকর্মী প্রশ্ন করেন, ‘আপনাদের সংসার জীবন কেমন লাগে?’ প্রশ্নের উত্তরে পরীমনি বলেছিলেন, ‘যদি সুখ থাকে তাহলে…।’ পরীমনির উত্তর শেষ হওয়ার আগেই শরীফুল রাজ তার মুখের কথা কেড়ে নিয়ে স্ত্রীর কপালে চুমু এঁকে বললেন, ‘এমন লাগে!’
রাজ-পরীর সুখের সংসারের এমন চিত্র একটি-দুটি নয়, অনেক। তাদের দেখে সহজেই অনুমান করা যায় কতটা সুখী এই তারকা দম্পতি। কিন্তু ভেতরে যে চোরাস্রোত বইছে বাইরের কেউ জানতো না। ঘটনা সামনে আনলেন পরীমনি নিজে! কিন্তু হঠাৎ করেই কেন এই দম্পতির সুখের ঘরে দুঃখের আগুন?
গত বুধবার দিবাগত রাতে পরীমনির এক স্ট্যাটাসে এই দুঃখের আগুন ছড়িয়ে পড়ে। বলাবাহুল্য মুহূর্তেই সেই ফেসবুক স্ট্যাটাস ভাইরাল হয়। এরপর থেকেই পরী-ভক্তদের প্রশ্ন- কেন এই অশান্তি?
বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে শরিফুল রাজ একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি এ বিষয়ে কিছুই জানেন না। রাজ বলেন, ও কেন আমার বিরুদ্ধে এমন অভিযোগ আনল আমি চাই তার জবাব সে দেবে। সে যা বলেছে তা যথাযথভাবে সবার সামনে ক্লিয়ার করুক। আমি যেহেতু এমন কিছুই করিনি, তাই এ বিষয়ে আমি কেন কথা বলব।
এ অভিনেতা বলেন, আমি আগেই বলেছি আমি আমার যে কোনো কাজের প্রতি সব সময়ই সিনসিয়ার থাকি। সংসার এবং স্ত্রী-সন্তানের প্রতিও তাই। এরপরও কেন আমার বিরুদ্ধে এমন অভিযোগ আনল জানি না। এতে আমি রীতিমতো শকড। আমার বিরুদ্ধে আনীত সব অভিযোগই মিথ্যা। আমি সব সময়ই সবক্ষেত্রে সৎ থাকার চেষ্টা করি। তাই সংসার, স্ত্রী, সন্তান ফেলে অন্য সম্পর্কে জড়াব, এমন অনৈতিক কথা ভাবতেই পারি না। আমার কথা হলো- যে যাই বলুক, যে কারণেই বলুক আমি এসব নিয়ে মোটেও বিচলিত নই। কারণ মিথ্যা কখনো স্থায়ী হয় না।
রাজ বলেন, আমার পক্ষ থেকে এমন কোনো ঘটনা ঘটেনি যে, হুট করে সংসার ভেঙে যাবে। আমরা ভালোবেসে বিয়ে করেছি। পরীকে আমি অনেক ভালোবাসি এবং ভালোবেসে যাব। আমাদের একটি আদরের সন্তানও আছে। তাই আমি বলব, পরী যদি নিজের অজান্তে কোনো ভুল বুঝে থাকে তবে সে তার সুচিন্তা দিয়ে সবকিছু স্বাভাবিক করবে ও সামলে নেবে।
তিনি বলেন, সবার সংসারে কমবেশি খুনসুটি হয়েই থাকে, তাই বলে ব্যক্তিগত বিষয়কে অন্যভাবে জনসম্মুখে প্রচার বা প্রকাশ করা মোটেও শোভন নয়। আবারও বলি, ছোটবেলা থেকেই সব বিষয়ে আমি সৎ এবং সিনসিয়ার থাকার চেষ্টা করি। এ ছাড়া নিজের ব্যক্তিগত বিষয় কারও কাছে শেয়ার করা পছন্দ করি না। কারণ, আমি আমার ব্যক্তিগত প্রতিটি বিষয়কে সম্মান ও শ্রদ্ধা করি।
