নাটকের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী এবং নির্মাতা আদনান আল রাজিবের প্রেমের বিষয়টি দেশের বিনোদন জগতের বহুল চর্চিত বিষয়। বেশ আগে থেকেই এ নিয়ে কথা উড়ে বেড়াচ্ছে বিনোদন জগতে।
তবে মেহজাবিন বা রাজিব কেউ বিষয়টি নিয়ে মুখ খোলেননি। তাদের কাছে জানতে চাইলে তারা তাদের প্রেমের খবরকে গুজব বলেই উড়িয়ে দিয়েছেন।
২০১৮ সালে মেহজাবিন চৌধুরী নির্মাতা আদনান আল রাজিবের সঙ্গে একটি ছবি ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘ধাপে ধাপে, সিঁড়ির পর সিঁড়ি, নিজেকে বিশ্বাস করো এবং তুমি থাকবে যেখানে’। এরপর থেকেই তাদের প্রেমের বিষয় প্রকাশ্যে আসে। জানা গেছে, প্রেমকে পরিণয়ে রূপ দিয়েছেন এই জুটি।
বিশ্বস্ত কয়েকটি সূত্র একটি জাতীয় দৈনিককে জানায়, এখন আর প্রেম নয়, বিয়ে করেছেন মেহজাবিন চৌধুরী এবং আদনান আল রাজিব। একে অপরের পারিবারিক আয়োজনেও অংশ নেন এই জুটি।
সম্প্রতি মেহজাবিন চৌধুরী একটি অ্যাওয়ার্ড শোতে অংশ নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি দেন। সেখানে আরও গিয়েছেন ছোট পর্দার আরেক জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা, তাসনিয়া ফারিন। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা একসঙ্গে বেশ কিছু ছবিও শেয়ার করেছেন।
তবে মেহজাবিন চৌধুরী এবং আদনান আল রাজিবের সম্পর্কের বিষয়টি আবারও সামনে আসে তানজিন তিশার একটি টিকটক ভিডিওর মাধ্যমে। তিশার সেই টিকটক ভিডিওতে দেখা যায় মেহজাবিন চৌধুরী এবং আদনান আল রাজিব দুজন হাত ধরে হাঁটছেন।
নাম প্রকাশ না করার শর্তে মেহজাবিন ও আদনানের ঘনিষ্ঠজন বলেন, ‘দুই বছর হলো মেহজাবিন আদনান আল রাজিব বিয়ে করেছেন। এটা পুরো ইন্ডাস্ট্রির লোকেরা জানে। তারা গুলশানে থাকেন। তারা একসঙ্গে বেশ কয়েকবার অবকাশ যাপন কাটিয়েছেন।’
২০০৯ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন মেহজাবিন। এরপর নিয়মিত ছোট পর্দায় অভিনয় করে আলোচনায় আসেন এই অভিনেত্রী। অন্যদিকে দেশের জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতাদের তালিকায় রয়েছেন আদনান আল রাজিব।





