Home আলোচিত আস্থার প্রতিদান দিতে চাই: শাকিব খান

আস্থার প্রতিদান দিতে চাই: শাকিব খান

0
196

পুলিশ অফিসার ‘শের খান’ হয়ে আসছেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান। পুলিশ থ্রিলার ঘরানার এ সিনেমা নির্মাণ করছেন ‘মিশন এক্সট্রিম’ পরিচালক সানী সানোয়ার।

বৃহস্পতিবার রাতে চুক্তিবদ্ধ এ ছবির একাংশের প্রযোজক শাকিব নিজেই। সঙ্গে থাকছে ‘ঢাকা অ্যাটাক’ ও ‘মিশন এক্সট্রিম’ বানানো প্রডাকশন হাউজ ‘কপ ক্রিয়েশন’।

মূলত এসকে ফিল্মস ও কপ ক্রিয়েশনের যৌথ প্রযোজনায় নির্মিত ‘শের খান’, শুটিং শুরু হবে আগামী ফেব্রুয়ারিতে। মুক্তির পরিকল্পনা ২০২৩ এর যেকোনো উৎসবে!

‘শের খান’ ছবিতে অভিনয় ও গল্প প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘অনেকদিন ধরেই সানী ভাইয়ের সঙ্গে ছবিটি নিয়ে আলোচনা চলছিল। সত্যি বলতে, ছবিটির গল্প শোনার পরই আমার চরিত্রটি যেন চোখের সামনে ভাসছিল। শুধু আমি নই, এখন অবধি যারাই ছবিটির গল্প শুনেছেন তারা মুগ্ধ হয়েছেন। অনেক অ্যাকশন নির্ভর ছবিতে গল্প শক্তিশালী হয় না। কিন্তু এই ছবিটির গল্প অসাধারণ। সানী ভাই আমার ওপর যে আস্থা রেখেছেন তার প্রতিদান দিতে চাই। এই ছবিটির মাধ্যমে চমক নিয়ে দর্শকদের সামনে আসছি। সব মিলিয়ে শের খান আমার জন্য বিশেষ।’

ছবিটিতে চৌকস পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে শাকিব খানকে। যদিও শাকিব ভক্তরা ভেবেছিলেন ভিন্ন কোনো চরিত্রে হাজির হবেন তাদের তারকা।

অন্যদিকে সব ছাপিয়ে এরইমধ্যে জল্পনা শুরু হয়েছে, কে হচ্ছেন শাকিব তথা শের খানের নায়িকা? গুঞ্জন রয়েছে শাকিব খানের জন্য নাকি নায়িকাই খুঁজে পাচ্ছেন না নির্মাতা-প্রযোজকরা!

শের খানের নায়িকা প্রসঙ্গে সানী সানোয়ার বললেন, ‘ছবিটির লাইনআপ সাজানো শুরু করেছি। মাত্র তো শাকিব খানের সঙ্গে চুক্তিবদ্ধ হলাম। ছবিতে তিনি একজন চৌকস অফিসার। ফলে তার সঙ্গে মানানসই পাত্রী লাগবে। কারণ চরিত্রটির সঙ্গে চাইলেই যে কেউ ম্যাচ করতে পারবে না। তবে এখনও আমরা সে পর্যন্ত যাইনি। আরও কিছু কাজ শেষ করেই নায়িকার বিষয়টিতে যাবো।’

সানী আরও জানান, শাকিব খানকে এবার যেভাবে তারা উপস্থাপন করছেন পর্দায় এর আগে তাকে সেভাবে কেউ দেখেনি। ফলে, চরিত্রটি শুধুই পুলিশ অফিসারের নয়, তাতে অনেকগুলো বিষয় রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here