অবশেষে সানীর সঙ্গে চুক্তিবদ্ধ হলেন শাকিব খান

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান এবার আসছেন পুলিশ অফিসারের ভূমিকায় ‘শের খান’ হয়ে। পুলিশ থ্রিলার ঘরানার এ সিনেমা নির্মাণ করছেন ‘মিশন এক্সট্রিম’ পরিচালক সানী সানোয়ার।

শাকিবের প্রযোজনা প্রতিষ্ঠান ‘এসকে ফিল্মস’ এবং নির্মাতা সানীর প্রোডাকশস হাউস ‘কপ ক্রিয়েশন’ এর ব্যানারে যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করা হবে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) দিবাগত রাতে শাকিব খান তার ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেন।

পরিচালক সানী সানোয়ারের সঙ্গে চুক্তিপত্র হাতে এক ছবিতে ধরা দেন এই নায়ক-পরিচালক জুটি। ক্যাপশনে লেখেন, “শের খান’ আসছে” (পাশে ‘আগুন’ ইমোজি জুড়ে দেন)।

জানা গেছে, ‘শের খান’ সিনেমায় চৌকস পুলিশ অফিসারের চরিত্রে কিং খানকে ভিন্নভাবে তুলে ধরা হবে। শাকিবের বিপরীতে নায়িকা হিসাবে কাকে দেখা যাবে, তা এখনও জানাননি পরিচালক।

এর আগে, এসকে ফিল্মস-এর ফেসবুক পেইজে শের খানের খবর দিয়ে বলা হয়, স্বল্প সময়ের মধ্যে ‘শের খান’ নিয়ে আপনাদের আগ্রহ, উদ্দীপনা ও ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে। আশা করি চলচ্চিত্রটি আপনাদের আকাঙ্ক্ষা পূরণে সফল হবে।

সানী বলেন, ‘ছবিটির লাইনআপ সাজানো শুরু করেছি। এখন পর্যন্ত সকল অভিনয়শিল্পী চূড়ান্ত করা হয়নি। ছবিতে শাকিব খান একজন চৌকস অফিসারের ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন, তার সঙ্গে মানানসই একটি চরিত্র রয়েছে। সেই চরিত্রে প্রবেশ করতে পারবেন এমন একজনকেই নায়িকা হিসেবে চূড়ান্ত করব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *