সফলতার জন্য সিনেমায় বিগ বাজেট প্রয়োজন নেই: অনন্ত

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা অনন্ত জলিল। চলতি বছরের ঈদুল ফিতর থেকে দেশীয় চলচ্চিত্র আবার দর্শকনজর কাড়ছে। ঈদুল আজহায় মুক্তি পেয়েছে এই অভিনেতার ছবি ‘দিন : দ্য ডে’। এই ছবিটিও দেশ-বিদেশে সফলতা পেয়েছে। সম্প্রতি সিনেমাসহ বিভিন্ন বিষয়ে একটি জাতীয় দৈনিকের সঙ্গে কথা বলেছেন অনন্ত।

সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের ছবি যদি দর্শক দেখতে আবার সিনেমা হলে ফেরে তাহলে চলচ্চিত্র শিল্প ফের ঘুরে দাঁড়াবে। প্রযোজক, প্রদর্শক, নির্মাতা, শিল্পী, কলাকুশলী সবাই প্রাণ ফিরে পাবেন। দেশের এই প্রধান গণমাধ্যমটির জন্য এরচেয়ে বড় সফলতা আর কী হতে পারে। এই সফলতার ধারা ধরে রাখতে হবে। তাহলে বন্ধ হওয়া সিনেমা হল খোলাসহ নতুন সিনেমা হল ও সিনেপ্লেক্স নির্মাণ হবে।

এতে ছবি প্রদর্শনীর স্থান বাড়লে একজন প্রযোজক পুঁজি ফেরত পাওয়ার আশ্বাসে নির্ভয়ে চলচ্চিত্র নির্মাণে এগিয়ে আসনেব। এতে পর্যাপ্ত ও মানসম্মত ছবি পেয়ে সিনেমা হল মালিকরাও সিনেমা হল পরিচালনায় স্বস্তি পাবেন।

ভালো ছবি নির্মাণের ধারা কীভাবে ধরে রাখা যায়? জানতে চাইলে তিনি বলেন, দর্শক দেখতে চায় এমন গল্পের ছবি নির্মাণ করতে হবে। এর জন্য বিগ বাজেট প্রয়োজন নেই। ছবির গল্পে সমসাময়িক চিত্র, উন্নত নির্মাণ, নতুন প্রজন্মকে সুস্থ বিনোদন দেওয়ার পাশাপাশি সমৃদ্ধ বাণী থাকলে সে ছবি যে অবশ্যই দর্শক দেখতে সিনেমা হলে ফিরে আসে তার প্রমাণ সাম্প্রতিক সময়ে একাধিকবার পাওয়া গেছে। এই কনসেপ্ট নিয়েই ভালো ছবি নির্মাণের ধারা বজায় রাখতে হবে।

ভালো গল্প বলতে কী বোঝাতে চাইছেন? অনন্ত বলেন, ভালো গল্প মানে মৌলিক গল্প হতে হবে। যে গল্পে দেশ, সমাজ, পরিবার, থ্রিলার, অ্যাকশন, রোমান্স থেকে শুরু করে ফুল প্যাকেজের ব্যবস্থা থাকতে হবে। শুধু অ্যাকশন বা রোমান্স দিয়ে ছবি বানিয়ে লাভ নেই। কারণ একটি ছবিতে যদি সুস্থ বিনোদনের সঙ্গে সমৃদ্ধ বাণী না থাকে, তাহলে সেই ছবি দর্শক দেখে কতটুকু আনন্দ পাবে বা কি শিখবে। এখন ছবির গল্প হবে যুগের সঙ্গে তাল মিলিয়ে নতুন প্রজন্মকে ঘিরে। মানে একদিকে নতুন প্রজন্মের চাহিদাকে প্রাধান্য দিতে হবে, অন্যদিকে নতুন প্রজন্ম যাতে দেশ, পরিবার আর সমাজের জন্য ক্রিয়েটিভ কিছু করার উৎসাহ পায় তা যদি তুলে ধরা হয় তাহলে বর্তমান পজিটিভ বাংলাদেশের আগামীটা আরও সুখ ও সমৃদ্ধির হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *