জনগণ চাইলে এমপি নির্বাচন করব: মাহিয়া মাহি

জনগণ চাইলে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চান ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা মাহিয়া মাহি।

শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন এই নায়িকা।

রাজশাহীর তানোর উপজেলার মুণ্ডুমালা ফজল আলী মোল্লা ডিগ্রি কলেজ মাঠে আজ কাবাডি টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে এই আয়োজন করেছে মাহির প্রতিষ্ঠিত স্বপ্ন ফাউন্ডেশন ও জেলা ক্রীড়া সংস্থা। এ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

নিজেকে বঙ্গবন্ধুর আদর্শের মানুষ দাবি করে মাহি বলেন—‘আমি বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত। এই বিষয়টি সবাইকে জানাতে চাই। যে যার জায়গা থেকে সবাই এটা করতে পারেন। যদিও আমি রাজনীতি বুঝি না, তবু এটা শুরু করেছি। আমি মানুষের সেবা করতে চাই। রাজনীতি বলতে আমি মানুষের সেবা করাকে বুঝি।’

রাজনীতিতে যোগ দিচ্ছেন কিনা? এমন প্রশ্নের জবাবে মাহি বলেন, ‘বঙ্গবন্ধু নিজের জীবন, যৌবন ত্যাগ করে, পরিবারকে সময় না দিয়ে নিজেকে উৎসর্গ করেছেন। এই বিষয়টিকে আমি রাজনীতি হিসেবে দেখি।’

নিকট ভবিষ্যতে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন কিনা? এ প্রশ্নের উত্তরে এই নায়িকা বলেন, ‘আপাতত না, অনেক দেরি আছে। যদি এলাকার লোকজন চান, আমাকে ভালোবাসেন; তা হলে অবশ্যই সেটা হতে পারে, ইনশাআল্লাহ।’

উল্লেখ্য, ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। কয়েক মাস আগেই খবর জানিয়েছিলেন—অন্তঃসত্ত্বা তিনি, মা হতে যাচ্ছেন। আর অন্তঃসত্ত্বার এই সময়েও কাজ নিয়ে ব্যস্ত দেখা গেছে তাকে।

‘অগ্নি’ খ্যাত অভিনেত্রী গত ১৭ ও ১৮ অক্টোবর বদিউল আলম খোকন পরিচালিত ‘অফিসার’ সিনেমার গানের শুটিংয়ে অংশ নিয়েছিলেন। যদিও এই সময়ে প্রতিটি নারীকে বেশ সতর্কের সঙ্গে থাকতে হয়। কিন্তু মাহি কাজেই মনোযোগী।

এই অভিনেত্রী অভিনয়ে ব্যস্ত থাকলেও সম্প্রতি রাজনীতির মাঠে বেশ সক্রিয় হয়ে উঠছেন। গত ২৬ অক্টোবর বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েছেন তিনি। আগামী দুই বছরের জন্য সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মাহি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *