Home জাতীয় বিএনপি কখন কী ঘটিয়ে বসে, তা নিয়ে জনগণ দুশ্চিন্তায়: কাদের

বিএনপি কখন কী ঘটিয়ে বসে, তা নিয়ে জনগণ দুশ্চিন্তায়: কাদের

0
732

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের মানুষ কোনো বিপদে নেই। প্রকৃতপক্ষে বিএনপিকে নিয়েই দেশের মানুষ বিপদে আছে।

আজ মঙ্গলবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি একথা বলেন।

জনগণ মনে করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য বড় হুমকি হচ্ছে বিএনপি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও গণতন্ত্র বিএনপির হাতে নিরাপদ নয়, বিএনপি তাদের রাজনৈতিক দেউলিয়াত্ব ঘোচানোর জন্য, কখন কি ঘটিয়ে বসে তা নিয়ে জনগণ দুশ্চিন্তায় আছে।

দেশ নাকি গভীর সংকটে আছে, বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সংকটে দেশ নয়, গভীর সংকটে আছে বিএনপি, সংকটে তাদের পরাশ্রয়ী রাজনীতি।

বিএনপি প্রতিদিন আন্দোলনের হুমকি দেয় কিন্তু তাদের আন্দোলনের নেতা কে সেটাই তারা জানে না, এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুজনেই দণ্ডপ্রাপ্ত, একজন এতিমের টাকা আত্মসাৎ করায় দণ্ডপ্রাপ্ত। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মহানুভবতায় ঘরে বসে চিকিৎসা গ্রহণের সুযোগ পেয়েছেন। আরেকজন রাজনীতি করবে না বলে মুচলেকা দিয়ে কাপুরুষের মতো বিদেশে পালিয়েছে এবং ১০ ট্রাক অস্ত্র ও ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি।

ওবায়দুল কাদের বলেন, নিরাপদ দূরত্বে থেকে নিজে বিলাসী জীবন-যাপন করছে আর নেতাকর্মীদের চাঙ্গা করতে দূর থেকে শব্দ বোমা মারছে, স্বপ্ন দেখছে ক্ষমতার ময়ূর সিংহাসনের।

দেশের জনগণ আর পেছনে ফিরে যেতে চায় না, বিএনপি তাদের দুর্নীতির বরপুত্র, হাওয়া ভবনের স্রষ্টা, দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমানকে ক্ষমতায় দেখতে চায় না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরও বলেন, দেশে বর্তমানে গণতন্ত্রের কোনো সংকট নেই, সংকট বিএনপির মনস্তত্ত্বে।

বিএনপি সবসময় তাদের বক্তব্যে কৃত্রিম সংকটের গন্ধ পায়, তারা স্বাধীনতা গেল বলে হা-হুতাশের রাজনীতি করে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে এই সংকট থেকে উত্তরণে অপরাজনীতির কৌশল পরিহার করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here