আমার নায়ক হওয়ার ইচ্ছে নেই: মুশফিক ফারহান

গত কয়েক বছরে অনবদ্য অভিনয় দিয়ে নাট্যাঙ্গনে তুমুল আলোচনায় এসেছেন যিনি, তিনি মুশফিক আর ফারহান। বছরজুড়েই গল্পনির্ভর নাটকে তার দেখা মেলে।

তার সর্বশেষ প্রচার হওয়া নাটকও দারুণ প্রশংসা পাচ্ছে। ‘গল্পটা প্রেমের’ নামের নাটকটি অন্তর্জালে অবমুক্তির চারদিনে ৩৬ লাখ ভিউ ছাড়িয়েছে। নাটকটিতে একজন পাগলের ভূমিকায় অভিনয় করেছেন তিনি।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে ফারহান বললেন, ‘এটা সত্যিই একটা চ্যালেঞ্জিং কাজ ছিল। কারণ, একজন সাধারণ যুবক, চাকরিজীবী কিংবা শিক্ষার্থীর আচার-আচরণ, পোশাক-সাজসজ্জা আমরা জানি। কিন্তু পাগল যে বেশে থাকে, সেটা তো আমরা পরিধান করি না। এটার জন্য মেকআপে প্রচুর সময় দিতে হয়েছে। এবং এই বেশভূষা নিয়ে কাজ করাও কিন্তু সহজ ছিল না।’

নাটক প্রচারের পর সেই কষ্টটা অনেকটাই ম্লান হয়ে গেছে দর্শকের সাড়ায়। জানালেন, প্রচুর দর্শকের ভালোবাসা পাচ্ছেন। মাহমুদ মাহিনের নির্মাণে এতে ফারহানের সঙ্গে দেখা গেছে সামিরা খান মাহিকে।

২০১৬ সালে পরিচালক বান্নাহ’র হাত ধরে নাটকে আসা মুশফিক আর ফারহান এখন ক্যারিয়ারের সেরা সময় পার করছেন। নাটকের ব্যস্ততা আর দর্শদের ভালোবাসায় উড়ছেন তিনি।

সিনেমায় কাজের ভাবনাও রয়েছে মুশফিক আর ফারহানের মনে। তবে নিজেকে তথাকথিত ‘নায়ক’ হিসেবে উপস্থাপন করতে চান না। তিনি বলেন, ‘সত্যি বলতে, আমার নায়ক হওয়ার ইচ্ছে নেই। তবে সিনেমায় কাজ করার ইচ্ছে আছে। নাটকে যেমন আমি একজন শিল্পী, সিনেমায়ও সেটাই থাকতে চাই। আমি শুধু বিভিন্ন চরিত্রে কাজ করতে চাই; সেটা যেমনই হোক, যদি আমাকে প্রভাবিত করতে পারে, আমি সেটা করবো।’

ফারহান জানান, সিনেমায় অভিনয়ের প্রস্তাব আসে, তবে সবদিক না মেলায় এখনও যুক্ত হননি। অবশ্য রুপালি জগতে আসার তাড়াও নেই তার মনে। নাটকের মতো ধীরে, সময় নিয়ে এই ভুবনে পা রাখতে চান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *