‘পুষ্পা টু’ সিনেমায় থাকছেন না অভিনেতা যিশু

বিশ্বব্যাপী বক্স অফিস কাঁপিয়েছিল আল্লু অর্জুনের ‘পুষ্পা দ্য রাইজ’ সিনেমাটি। সম্প্রতি শুরু হয়েছে সিনেমার পরবর্তী সিক্যুয়েলের শুটিং। নতুন এ পর্বে ভিলেন হিসেবে অভিনয়ের প্রস্তাব পেলেও শিডিউল জটিলতায় করতে পারেননি টালিগঞ্জের জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত।

এ সিনেমার সিক্যুয়েল ‘পুষ্পা: দ্য রুল’-এর শুটিং শুরুর আগে কয়েকটি গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে, সিনেমার প্রধান খল অভিনেতা হিসেবে কাজ করছেন যিশু।

বিষয়টি নিয়ে ভক্তদের তুমুল আলোচনার মধ্যে অভিনেতার ব্যবস্থাপকের বরাতে আজ বুধবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, খবরটি ভুয়া। যিশু সেনগুপ্ত এ সিনেমায় কাজ করছেন না।

ব্যবস্থাপক বলেন, ‘পুষ্পা সিনেমায় যিশুর অভিনয়ের যে খবর ছড়িয়েছে, তা ভিত্তিহীন। আমি নিশ্চিত করছি, তিনি এ সিনেমায় কাজ করছেন না।’

সিনেমার প্রধান খল অভিনেতার চরিত্রে দক্ষিণ ভারতীয় অভিনতা বিজয় সেতুপতিকে প্রস্তাব দেওয়া হলে, তা ফিরিয়ে দিয়েছেন তিনি। মূলত তারপর গুঞ্জন ওঠে, পরবর্তী সময়ে প্রযোজনা প্রতিষ্ঠান যিশুর সঙ্গে চুক্তি সেরেছে। তবে হালে পানি পেল না সেই গুঞ্জন।

উল্লেখ্য, ২০২১ সালের ১৭ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় আল্লু অর্জুন, রশ্মিকা মন্দানা ও ফাওয়াদ ফাসিল অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’। সারা দেশের বক্স অফিসে এ ছবিটি ঝড় তুলে মুহূর্তের মধ্যেই। এখনও দর্শকদের মুখে মুখে ফেরে ছবির গান ও সংলাপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *