একসময়ের জনপ্রিয় অভিনেত্রী নূতনকে এখন আর পর্দায় দেখা যায় না। ঢালিউডে অনিয়মিত তিনি। তবে নিয়মিত সরব আছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। বিভিন্ন বিষয়ে নিজের মতামত তুলে ধরেন সেখানে। এবার নূতন জানালেন, তিনি সমস্যায় আছেন।
নিজের ফেসবুকে নূতন লিখেছেন, ‘দেশে নানা দিকে নানান সমস্যা। এরমধ্যে আমি আছি আরেক সমস্যায়। যদিও তা ভালোবাসার সমস্যা। রিকশা নিয়ে বের হয়ে যে চুপচাপ একটু ঘুরব, দম বন্ধ হয় তাই মাস্ক খুলে একটু হাওয়া-বাতাস খাব, তা না। রিকশাচালক ভাই আমাকে প্রথম প্রশ্ন করেন, আপা আপনি কি নায়িকা? যদি বলি না বারবার পেছনে তাকায় আর বলে, আপা আপনি কে? আপনি কে? পরে বলি, নতূন।’
এরপর তার দিকে রিকশাওয়ালার ছুড়ে দেওয়া প্রশ্নগুলো ধরেছেন তিনি, ‘আপা আপনি শাকিব খানের মা না? জসিমের বউ না? এই শুরু হয়। আপা ছবি করেন না কেন? কত ছবি দেখেছি আপনার! শাকিব খান কী করল? অপু আর বিয়ে করবে? জায়েদ খান কী করে? কাঞ্চন ভাইকে একদিন রিকশায় তুলেছি। আপা ডিপজলের ছবিগুলা সেই।’
এসময় তিনি আরও লেখেন, ‘কোনো সিগন্যাল মানে না, রাস্তা মানে না, চালায় আর কথা। ২০ মিনিটের রাস্তা এক ঘণ্টা ঘোরায় আর ভিআইপি রোডে আটকালেই বলে, দেখেছেন কাকে নিয়ে ঘুরি! এতে ভালোবাসা যা না পাই তার চেয়ে তিনগুণ বেশি ভয়ে থাকি। যেকোনো সময় দুর্ঘটনা ঘটে। আর শেষে নামার সময় বলে, আপা নাম্বারটা দেন।’
