ঈদের সিনেমার ঘোষণা দিলো জাজ মাল্টিমিডিয়া, নায়ক-নায়িকা সবাই নতুন

আগামী বছর ঈদে মুক্তির জন্য সিনেমা ঘোষণা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। শনিবার বিকেলে প্রতিষ্ঠানটির ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দেয়া হয়। জানানো হয়, ২০২৩-এর ঈদের ছবি বারুদ।

এটি পরিচালনা করবেন সৈকত নাসির। প্রতিষ্ঠানটি বলছে, ‘বারুদের অনেকগুলো বিভাগে নতুন মুখ থাকবে। যেমন, নতুন গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী, সংগীত আয়োজক। শুধু পরিচালক সৈকত নাসির ও প্রযোজক জাজ মাল্টিমিডিয়া পুরাতন। তবুও এটা ঈদের সিনেমা হবে।’

জাজ জানিয়েছে, বৃহস্পতিবার বারুদ সিনেমার নতুন নায়ক ও নায়িকার সঙ্গে চুক্তি হয়েছে তাদের। একটি ছবিও পোস্ট করা হয়েছে পেজটিতে। যেখানে পরিচালক সৈকত নাসিরকে দেখা গেলেও নতুন নায়ক-নায়িকাকে দেখা যাচ্ছে না।

বারুদ সিনেমার গল্প ও গানে ভরসা রাখতে চাইছে প্রযোজনা প্রতিষ্ঠানটি। যা দর্শকদের ভালো লাগবে বলে তারা বিশ্বাস করে।

জাজ বলেছে, ‘দর্শক এখন ভালো গল্প ও ভালো মেকিং চায়। কোনো স্টার চায় না। আর জাজ দর্শকের চাহিদা মাথায় রেখেই, বারুদ বানাবে।’

এর আগে জাজ মাল্টিমিডিয়া তাদের ফেইসবুক পেইজ থেকে নতুন নায়ক হওয়ার জন্য আবেদন আহবান করে। প্রায় ২০ হাজার আবেদনের থেকে বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীকে নায়ক হিসেবে নির্ধারণ করেছে জাজ।

ছবির নামের মতো নতুন এই নায়ক অভিনয়েও বারুদ বলে দাবি করেছে জাজ মাল্টিমিডিয়া। নতুন এই নায়ককে বাংলার নেওয়াজউদ্দিন সিদ্দিক হিসেবে উল্লেখ করেছেন তারা।

তবে নতুন এই নায়ককের নাম এখনই প্রকাশ করেনি জাজ। “বারুদ” সিনেমার নায়ক নায়িকা কে সবার সাথে যথা সময় পরিচয় করিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *