দীর্ঘদিন ধরে দাম স্থিতিশীল থাকার পর আবারও অস্থির হয়ে উঠছে পেঁয়াজের বাজার। ফলে, দিনাজপুরের হিলি স্থলবন্দরের আড়তগুলোতে কয়েকদিন থেকে আমদানি করা ভারতীয় পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে। প্রতিদিনই দু-এক টাকা করে বেড়ে আজ শুক্রবার দুপুরে প্রতি কেজি বিক্রি হয়েছে ৩৮ থেকে ৪০ টাকা দরে।
সম্প্রতি কেজিপ্রতি দাম বেড়েছে অন্তত ১০ থেকে ১২ টাকা। সর্বশেষ গত সোমবার প্রতি কেজি ২৬ থেকে ২৮ টাকায় বিক্রি হয়েছিল এই নিত্যপ্রয়োজনীয় পণ্যটি।
আর হঠাৎ করে দাম বাড়ায় বিপাকে পড়েছেন পাইকার ও সাধারণ ক্রেতারা। ঢাকা পোস্ট
দেশের চাহিদা মেটাতে প্রতিদিনই ভারত থেকে ট্রাক-ট্রাক পেঁয়াজ আসে হিলি স্থলবন্দরে। বন্দর দিয়ে মূলত ইন্দোর, নাসিক ও নগর জাতের পেঁয়াজসহ বেশ কয়টি জাতের পেঁয়াজ আমদানি হয়। আর আমদানির কম-বেশির উপর নির্ভর করে এসব পেঁয়াজের দাম।
ইন্দোর জাতের পেঁয়াজ বর্তমানে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩১-৩২ টাকা দরে, যা আগে ২২-২৪ টাকা কেজি। নগর জাতের পেঁয়াজ ৩৬-৩৭ টাকায় বিক্রি হচ্ছে, যা আগে ২৬-২৭ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আর নাসিক জাতের পেঁয়াজ ৩৮-৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। হঠাৎ করে বন্দরে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন পাইকাররা।
হিলি স্থলবন্দর পেঁয়াজ আমদানিকারক হারুন উর রশিদ হারুন বলেন, হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। তবে ভারতে অতিরিক্ত গরম ও বৃষ্টির কারণে পেঁয়াজের দাম বেশি। তাই বন্দরে প্রতি কেজি পেঁয়াজের দাম ৮ থেকে ১০ টাকা বেড়েছে। ভারতে পেঁয়াজের দাম কমলে আমাদের এখানেও দাম কমবে।
হিলি কাস্টমসের তথ্য মতে, চলতি সপ্তাহের ৫ কর্ম দিবসে ভারতীয় ১১৪ ট্রাকে ৩ হাজার ১৩ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।
