অভিনেত্রী বুবলীর সঙ্গে সম্পর্ক ও ছেলে শেহজাদ খান বীরকে প্রকাশ্যে আনার পর এখন ‘টক অব দ্যা কান্ট্রি’ ইস্যু শাকিব খান। দ্বিতীয় বিয়ে ও সন্তান জন্মের প্রায় আড়াই বছর পরে তাকে প্রকাশ্যে আনায় একাংশ নেতিবাচক মন্তব্যও করছেন ঢালিউড সুপারস্টারকে নিয়ে। আবার একই সময়ে গুঞ্জন চাউর হয়, অভিনেত্রী পূজা চেরির সঙ্গে প্রেম-ভালোবাসার সম্পর্ক রয়েছে শাকিব খানের!
শাকিব খানের সঙ্গে সম্পর্কের গুঞ্জনে ইতোমধ্যে বিরক্ত প্রকাশ করেছেন পূজা চেরি। এ নিয়ে স্পষ্ট বক্তব্যও জানিয়ে দিয়েছেন এই নায়িকা। এমনকি সবাইকে হুঁশিয়ারও করেছেন তিনি। তারপরও যখন চারদিকে গুঞ্জন চাউরই হচ্ছে সেই মুহূর্তে গুঞ্জনকারীদের সতর্ক করলেন শাকিব খান।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টায় ফেসবুকে কঠোরভাবে জানালেন যারা মিথ্যা নোংরামি ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন তিনি।
শাকিব খান বলেন, ‘অনেক হয়েছে ভিউ বাণিজ্য। ভিউ আর হিটের আশায় যারা অন্যের ব্যক্তিগত জীবন সম্পর্কে এত বাজে ও মিথ্যা তথ্য ছড়াতে পারে, তাদের উচিত শিক্ষা দেয়ার জন্য দেশের আইনই যথেষ্ট।
‘কয়েকটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ভিউয়ের আশায় মিথ্যা কনটেন্ট প্রচার করে এক ধরনের বিভ্রান্ত সৃষ্টি করে যাচ্ছে। একটার পর একটা ইস্যু ক্রিয়েট করে যাচ্ছে।’
এসব গুঞ্জনের মধ্যে কিছু আছে শাকিব খান ও অভিনেত্রী পূজা চেরির প্রেম ও বিয়ে প্রসঙ্গ নিয়ে।
এ নিয়ে শাকিব খান বলেন, ‘এখন আবার পূজা চেরির নাম আনা হয়েছে। সে তার পেশাগত জায়গা থেকে আমার সঙ্গে কাজ করছে এটাই কি তার অপরাধ? কাজের বাইরে তো তার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। তাহলে কেন এত মিথ্যা বিষয় ছড়ানো হচ্ছে?’
শাকিব-পূজার বিয়ের গুঞ্জন এবং শাকিব-বুবলির বিচ্ছেদের গুঞ্জনের প্রমাণ দেখতে চেয়ে শাকিব বলেন, ‘এসব যারা করছে সেই সব নোংরা মানসিকতার কিছু মানুষের দাবি, আমাকে নিয়ে ছড়ানো মিথ্যা বিষয়গুলোর প্রমাণ তাদের কাছে আছে! আমি দেখতে চাই কোথায় কিসের প্রমাণ?
‘আর এসব ভুয়া বিষয়গুলো ভিত্তি করে গত কয়েকদিন ধরে বেশকিছু নিউজ পোর্টাল সত্যতা নিশ্চিত না করে কোনো ধরনের স্টেটমেন্ট ছাড়াই আমার নামে মিথ্যা সংবাদ প্রচার করছে; যা কোনোভাবেই কাম্য নয়।’
সবশেষ, এ বিষয়ে আইনের দ্বারস্থ হওয়ার কথা জানিয়ে ‘কিং খান’ বলেন, ‘যারা এসব মিথ্যে নোংরামি ছড়াচ্ছে তাদের তালিকা করা হচ্ছে। কঠোরভাবে জানাচ্ছি, এ ব্যাপারে আমার আইনজীবী দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নিচ্ছেন।’
