আগামী জানুয়ারিতে তাবলিগ জামাতের দুই গ্রুপের বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। ইজতেমার প্রথম পর্ব ২০২৩ সালের ১৩ থেকে ১৫ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ২০ থেকে ২২ জানুয়ারি তুরাগ তীরে অনুষ্ঠিত হবে।
প্রথম পর্বের ইজতেমায় মাওলানা জোবায়ের পক্ষের লোকজন ইজতেমায় অংশ নেবেন। তিন দিনের এই পর্বের ইজতেমা শেষ হবে ১৫ জানুয়ারি।
ছয় দিনের বিরতির পর ২০ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্বের ইজতেমা। চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। এতে ওয়াসেক পক্ষের লোকজন অংশ নেবেন।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসন্ন বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ ও আইনশৃঙ্খলা বিষয়ক এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৈঠকে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এবং ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল উপস্থিত ছিলেন।
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, র্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন। এ ছাড়া বৈঠকে আরও উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশন পুলিশ কমিশনার, গাজীপুর জেলা পুলিশের এসপি এবং তাবলিগের মুরব্বিরা উপস্থিত ছিলেন।
বিশ্ব ইজতেমা আয়োজনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত আকারে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।’ তিনি জানান, এই ইজতেমায়ও বিদেশি অতিথিরা আসবেন এবং আয়োজকদের ছোট পরিসরে ইজতেমা আয়োজনের জন্য বলা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘তাবলিগ জামাতের মতবিরোধ চলছিল, এখনো আছে। গতবার দুইভাবে করা হয়েছিল। দুই পক্ষের সঙ্গেই আমরা বসেছি। কে আগে পরে করবেন জানান। কিন্তু তাঁরা একমত হতে পারেন নাই। আমরা সিদ্ধান্ত নিয়েছি। গতবারের মতো এবারও সেভাবে হবে। দুই পক্ষই সম্মত হয়েছে। দুইবারে হবে। প্রথম পক্ষ করবে ১৩-১৫ জানুয়ারি। ওয়াসেকপন্থীরা ২০-২২ জানুয়ারি।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘প্রথম পক্ষ শেষ করার পর সবকিছু বুঝিয়ে দেবে। তারপর দ্বিতীয় পক্ষ আসবে।’
