গেল ঈদে ‘পরাণ’ ছবির মাধ্যমে ব্যাপক আলোচিত হয়েছিলেন বিদ্যা সিনহা মিম। সেখানে অনন্যা চরিত্রের মাধ্যমে ভালো-মন্দ দুটি রোল প্লে করেছিলেন।
মিমের দুর্দান্ত অভিনয় এতটাই প্রাণবন্ত ছিল যে অনেক দর্শকরা সত্যি মনে করে মিমকে গালিও দিয়েছিল। তবে এবার তার ‘দামাল’ দেখে হাসনা চরিত্রের জন্য দর্শক তালি দেবে; এমনটাই মনে করে এই নায়িকা।
২৮ অক্টোবর ‘দামাল’ মুক্তি উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় বসুন্ধরা সিটিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সেখানে মিম ছাড়াও ছিলেন ছবির পরিচালক রায়হান রাফী, সিয়াম, শরিফুল রাজ, রাশেদ অপু, শাহনাজ সুমি, সামিয়া অথৈ প্রমুখ।
মিম বলেন, ‘দামালে খুব চ্যালেঞ্জিং চরিত্র করেছি। নিজেকে অনেক লাকি মনে করি মুক্তি যুদ্ধের সময়ের গল্পে কাজ করতে পেরে। এটি আমাদের গর্ব করার মতো একটা সিনেমা। আমার বিশ্বাস আগেরবার দর্শক গালি দিয়েছিল, এবার তালি দেবে।’
মিমের ভাষায়, ‘আমি একাত্তরের যুদ্ধ দেখিনি। অনেক ইচ্ছে ছিল যুদ্ধের গল্পের ছবিতে কাজ করবো। সেই সঙ্গে আছে ফুটবলের প্রেক্ষাপট। যখন শুটিং করেছি মনে হতো একাত্তর সালে বসবাস করছি।’
উল্লেখ্য, ১৯৭১ সালের স্বাধীন বাংলা ফুটবল দলের ঐতিহাসিক একটি ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘দামাল’। এটি পরিচালনা করেছেন রায়হান রাফী। ফরিদুর রেজা সাগরের গল্প ভাবনায় চিত্রনাট্য লিখেছেন নাজিম-উদ-দৌলা।
এই সিনেমায় মিমের বিপরীতে অভিনয় করেছেন তার ‘পরাণ’ জুটি শরিফুল রাজ। এছাড়াও আছেন সিয়াম আহমেদ, রাশেদ মামুন অপু, শাহনাজ সুমি, সামিয়া অথৈসহ অনেকে। সিনেমাটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।
