দুর্গার পর এবার কালীর বেশে আসছেন অপু বিশ্বাস

ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে লুকিয়ে বিয়ে, তাঁর সন্তানের মা হওয়া এবং বিচ্ছেদ। বরাবরই আলোচনায় থেকেছেন জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস।

এবার দুর্গাপুজোতে কলকাতাতেই ছিলেন তিনি। দশমীর দিন তাঁর সিঁদুর পরা নিয়েও কম বিতর্ক হয়নি। এবার আবার কালীর বেশে অপু বিশ্বাস।

কিছুদিন আগে দুর্গা সেজে আলোচনায় উঠে এসেছিলেন অপু বিশ্বাস। ‘কাঁকুড়গাছি যুবকবৃন্দ ও ৬৯ তপসিয়া গেট’-এর পুজোর মুখ হয়ে উঠেছিলেন অপু। দুর্গার বেশে দিয়েছিলেন সম্প্রীতির বার্তা। যা নিয়ে কিছু কম চর্চা হয়নি।

এবার কালীর বেশে দেখা যাবে অভিনেত্রী অপু বিশ্বাসকে। বেলেঘাটার একটি ক্লাবের কালীপুজোর মুখ হয়ে উঠতে চলেছেন অপু। তার আগে কালীর বেশে ফটোশ্যুট করে আলোচনায় উঠে এলেন অভিনেত্রী।

মঙ্গলবার দুপুরে, উল্টোডাঙর প্রবীণ মৃৎশিল্পী সনাতন রূদ্রপালের স্টুডিওতে হাজির হয়েছিলেন অপু বিশ্বাস।

দীপাবলীর বিশেষ ফটোশুটে দেখা গেল অভিনেত্রীকে। লাল শাড়ি, গলায় রক্তজবার মালা, হাতে প্রজ্জ্বলিত প্রদীপ, কপালে ত্রিনয়ন। হাতে শাঁখা-পলা, ও চুরি, কানে ভারী দুল। এভাবেই দেখা গেল অপু বিশ্বাসকে।

তবে শুধু কালী বেশে ফটোশ্যুটই নয়। ১১ অক্টোবর দিনটি অপু বিশ্বাসের জন্মদিনও বটে। জীবনের বিশেষ এই দিনে কালীর সাজে ফটোশ্যুট করে খুশি এই ঢালিউড কুইন।

তিনি ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘বিতর্ক ছাড়া কোনও শিল্পী সম্পূর্ণ হতে পারে না। বিতর্ক হচ্ছে মানে আমি কাজ করছি। আমি চাই আমায় নিয়ে বিতর্ক হোক। যত বিতর্ক হবে, ততই মানুষের কাছে পৌঁছাব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *