শাকিবের সঙ্গে আমার কোনো ধরনের সম্পর্ক নেই: পূজা চেরি

শাকিব খান ও বুবলীর বিয়ে আর সন্তানের খবরটি সামনে আসার পর থেকেই নেটিজেনদের একাংশ পূজা চেরিকে জড়িয়ে নানা ধরনের কথা বলতে থাকে। শাকিবের সঙ্গে প্রেম, ধর্মান্তরিত হয়ে বিয়ে- বেশ কয়েকদিন ধরে চলা এমন গুঞ্জনের পর নীরবতা ভাঙলেন পূজা।

বিরক্তি প্রকাশ করে মঙ্গলবার (১১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুকে নিজের ক্ষোভের কথা বলেছেন পূজা। স্পষ্ট জানিছেন, শাকিব খানের সঙ্গে তার কাজের বাইরে কোনো ধরনের সম্পর্ক নেই।

পূজা বলেন, ‘কদিন ধরে খেয়াল করছি, আরেকজনের ব্যক্তিগত জীবনে আমার নাম জড়িয়ে বিভিন্ন মিথ্যে গুঞ্জন সৃষ্টি করা হচ্ছে। ফেসবুকের ব্যক্তিগত আইডি-পেইজ থেকে পোস্ট কিংবা ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে আমাকে টানা হচ্ছে। বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আমার চলার পথ থামিয়ে দেওয়ার চেষ্টা করছে।

ঢালিউড শীর্ষ নায়কের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে পূজা বলেন, শুরু থেকে বিষয়টিকে আমি এড়িয়ে গিয়েছি। কারণ, এসবের সঙ্গে আমার কোনো ধরনের সম্পর্ক নেই— যতটুকু আছে শিল্পী হিসেবে শুধুই প্রফেশনাল সম্পর্ক।

ভক্ত-অনুসারীদের উদ্দেশে তিনি বলেন, আমাকে যারা ভালোবাসেন তাদের মনে কোনো নেতিবাচক ধারণার তৈরি হোক, এটা কোনোভাবেই কাম্য নয়। ব্যক্তিগতভাবেও এই বিষয়টি আমি ভীষণ বিরক্ত। আমার মনে হয়েছে, এসব বন্ধ হওয়া দরকার।

গুজব রটনাকারীদের প্রতি কড়া হুঁশিয়ারি দিয়ে ‘দহন’ নায়িকা বলেন, ‘যারা আমাকে নিয়ে মিথ্যে গুঞ্জন ছড়াচ্ছেন তাদের কয়েকজন আবার দায়িত্বশীল পদে থেকেও এই কাজটি করছেন! কোনো রকম সত্যমিথ্যা যাচাই-বাছাই ছাড়াই এবং আমার স্টেটমেন্ট ছাড়া আমার নাম জড়িয়ে যদি আগামীতে মিথ্যে গুঞ্জন রটানো হয়, আমি স্পষ্ট করে জানাচ্ছি – দেশের প্রচলিত আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব, কারণ আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। সবার আশীর্বাদ কামনা করি, সবার মঙ্গল ও শুভবুদ্ধির উদয় হোক।’

উল্লেখ্য, শুক্রবার (৭ অক্টোবর) দেশব্যাপী ২১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পূজা চেরি অভিনীত ‘হৃদিতা’ সিনেমাটি। কথাসাহিত্যিক আনিসুল হকের উপন্যাস অবলম্বনে একই নামে সিনেমাটি নির্মাণ করেছেন যুগল নির্মাতা ইস্পাহানী-আরিফ জাহান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *