পর্দার বাইরে আমি অনেক দুষ্টু: মাহিয়া মাহি

গেলো আগস্ট ছিল ঢালিউডে কাদা ছোড়াছুড়ির মাস। ‘আশীর্বাদ’ সিনেমার প্রযোজক জেনিফার ফেরদৌসের সঙ্গে নায়িকা মাহিয়া মাহি ও নায়ক রোশানের অভিযোগ-পাল্টা অভিযোগ ইস্যু নিয়ে বিস্তর আলোচনা-সমালোচনা হয়। নানা নাটকীয়তা শেষে ২৬ আগস্ট সিনেমাটি নামমাত্র হলে মুক্তি পায়। এরপর ৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে আসে মাহির ‘লাইভ’ নামের আরেকটি সিনেমা। সেটিও প্রায় প্রচারণাহীন মুক্তির আলো দেখে।

এক মাসের ব্যবধানে মাহিয়া মাহি অভিনীত আরও একটি নতুন সিনেমা মুক্তি পেয়েছে। গত ৭ অক্টোবর মুক্তি পাওয়া সিনেমাটির নাম ‘যাও পাখি বলো তারে’। নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। এতে মাহির বিপরীতে আছেন আদর আজাদ ও শিপন মিত্র। ২১ প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকের মোটামুটি সাড়া পাচ্ছে ত্রিকোণ প্রেমের গল্পে নির্মিত এই সিনেমা।

সংবাদমাধ্যমকে মাহি জানান, এটি আমার জীবনের অন্যতম সেরা ছবি। দর্শকপ্রিয়তায় ‘পোড়ামন’কেও ছাড়িয়ে যাবে ‘যাও পাখি বলো তারে’। আমি যখন এতে কাজ করেছি, তখন কাজ করার দিক দিয়ে বেস্ট কাজ করেছি। আবার যখন শুট করেছি, শুটের সময়টায় খুবই এনজয় করেছি। এর আগে কোনো সিনেমায় এত মজা-মাস্তি করে কাজ করিনি। সবশেষে মুক্তির পর এখন দর্শক সাড়া আমাকে আপ্লুত করছে।

একসঙ্গে সুখবর দুটি, মাতৃত্বের স্বাদ পেতে যাচ্ছেন আর ‘যাও পাখী বলো তারে’ ছবির সাফল্য, কেমন লাগছে? মাহি বলেন, এই ভালো লাগার কোনো শেষ নেই। আমি এখন জীবনের সবচেয়ে আনন্দময় সময় পার করছি। মা হওয়ার অপেক্ষায় আছি। অনাগত সন্তানের জন্য নানা পরিকল্পনা করছি। এই পরিস্থিতিতে শুটিং করা সম্ভব নয়। তাই নতুন শুটিংয়ে অংশ নিচ্ছি না। অন্যদিকে আমার প্রাণের ছবি ‘যাও পাখি…র’ সফলতা, সবার কাছে দোয়া চাই ছবিটি যাতে আরও দর্শকপ্রিয়তা পায় এবং নতুন অতিথিকে যেন সুন্দরভাবে পৃথিবী আনতে পারি।

পর্দায় আপনি কখনো প্রেমিকা আবার কখনো অগ্নিময়ী নারী। পর্দার বাইরে আসলে আপনি কেমন? জানতে চাইলে মাহি বলেন, পর্দার বাইরের মাহি অনেক দুষ্টু। অনেক চঞ্চল। ছবিতে যে রকম দেখা যায়, কখনো কখনো তার চেয়েও বেশি দুষ্টামি করি। বাস্তব জীবনেও আমি অগ্নিকন্যা। খুবই ঝগড়াটে স্বভাবের মেয়ে আমি। বলতে পারেন ঝগড়া করাটা আমার একধরনের শখ। আমি খুব বেশি কথা বলি আর হাসি। আর খুব অল্পতেই রেগে যাই। তবে ফেসবুকিং করতে পছন্দ করি। ফেসবুকে বন্ধুদের সঙ্গে দুষ্টামি করতে ভালো লাগে।

সংসার জীবন নিয়ে বলেন, সবার দোয়ায় সংসার জীবনে আমি খুবই হ্যাপি আছি। আগামীতে আমাদের ঘর আলো করে নতুন অতিথি আসছে। আমাদের জন্য সবাই দোয়া করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *