জন্মদিনেও বেশ ব্যস্ত ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। আছেন কলকাতায়; জন্মদিনের দুপুরে লাল শাড়ি, রক্তজবার সাজে শক্তির দেবীর সামনে হাজির অপু।
হাতে শাঁখা-পলা, ও চুরি, কানে ভারী দুল। অংশ নিয়েছেন প্রবীন মৃৎশিল্পী সনাতন রূদ্রপালের স্টুডিওয় দীপাবলীর বিশেষ ফটোশুটে।
জন্মদিনে কী উপহার পেয়েছেন? এই প্রশ্নে শুরু। নায়িকা জানালেন, ছেলে (আব্রাম খান জয়) তাঁর একটি প্রতিকৃতি এঁকে দিয়েছে, সঙ্গে কেক আর মোমবাতি, সেটাই তাঁর কাছে সবচেয়ে বড় উপহার।
ভারতীয় গণমাধ্যম জি ২৪ ঘণ্টা অপু বিশ্বাসের কাছে প্রশ্ন রেখেছিল, অপু বিশ্বাস নামের সঙ্গেই জড়িয়ে রয়েছে বিতর্ক। একথায় অপু উত্তর, ‘বিতর্ক ছাড়া কোনও শিল্পী সম্পূর্ণ হতে পারে না। বিতর্ক হচ্ছে আমি কাজ করছি। আমি চাই আমায় নিয়ে বিতর্ক হোক। যত বিতর্ক হবে, ততই মানুষের কাছে পৌঁছাব।’
দুর্গাপুজোতে কলকাতাতেই কেটেছেন অপু বিশ্বাসের। সেকথা প্রসঙ্গে অপু জানান, সেসময় তাঁর ছেলের ছুটি ছিল, সেকারণেই তাঁকে নিয়ে কলকাতায় আসা, সঙ্গে কিছু কাজ তো ছিলই। পুজোর সময় ছেলেকে নিয়েই কলকাতা ঘুরেছেন।
কালীপুজোতে অবশ্য কলকাতায় থাকা হবে না বলেই জানান অপু বিশ্বাস। অপুর কথায়, তাঁর ছেলের স্কুল খুলে যাচ্ছে। সেকারণে আসা মনে হয় হবে না, তবে চেষ্টা করবেন, দু’দিনের জন্য আসার। খুব শীঘ্রই নিজের প্রযোজনা সংস্থার ছবি ‘লাল শাড়ি’ শ্যুটিং শুরুর কথাও জানান তিনি।
