আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর নির্মিত শনিবার বিকেল বা স্যাটারডে আফটারনুন সিনেমা তিন বছর ধরে আটকে আছে সেন্সর ও আপিল বোর্ডে। যা নিয়ে ইতিমধ্যেই তুমুল আলোচনা-সমালোচনা হয়েছে শোবিজ অঙ্গনে।
‘শনিবার বিকেল’র মুক্তির দাবিতে আওয়াজ তুলেছেন দেশের জনপ্রিয় অসংখ্য নির্মাতা ও তারকাশিল্পীরা। এবার জানা গেল ‘শনিবার বিকেল’ নিয়ে আসছে সুখবর। এটির সেন্সর ছাড়পত্র পাওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। বিষয়টি জানিয়েছেন সিনেমার অন্যতম প্রযোজক আব্দুল আজিজ।
গতকাল শনিবার স্টার সিনেপ্লেক্স আয়োজিত এক অনুষ্ঠানে জাজের কর্ণধার আব্দুল আজিজ বলেন, ‘আমাদের সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়ে যাবে আশা করছি। একটি কাগজে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর স্বাক্ষর লাগবে। সেটি এখন তার টেবিলে আছে। আশা করছি, চলতি সপ্তাহেই কাজটি হয়ে যাবে।’
প্রযোজক জানান, ‘শনিবার বিকেল’ সিনেমার শেষাংশে কিছু স্মরণ বা শ্রদ্ধা জানানোর মতো বাক্য যোগ হতে পারে বা কিছু তথ্য প্রকাশ করা হতে পারে।
বাংলাদেশ, ভারত ও জার্মানির যৌথ প্রযোজনায় নির্মিত শনিবার বিকেল। প্রযোজনায় আরও আছে জাজ মাল্টিমিডিয়া ও ছবিয়াল এবং ভারতের শ্যাম সুন্দর দে।
এতে অভিনয় করেছেন অস্কার মনোনীত ওমর সিনেমার অভিনেতা ইয়াদ হুরানি, নুসরাত ইমরোজ তিশা, জাহিদ হাসান, ইরেশ জাকের, পরমব্রত চট্টোপাধ্যায়সহ অনেকে।
দেশে সিনেমাটি প্রদর্শিত না হলেও মিউনিখ, মস্কো, সিডনি, বুসান, প্যারিসের ভেসুল ফিল্ম ফেস্টিভ্যালে ‘শনিবার বিকেল’ প্রদর্শিত হয়েছে এবং পুরস্কৃতও হয়েছে।
