সাতক্ষীরা ও চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

সাতক্ষীরার পর এবার চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মুনতাজ হোসেন (৪০) নামে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন।

রোববার (৯ অক্টোবর) ভোরে বড় বলদিয়া সীমান্তের অদূরে ভারতীয় সীমান্তের মধ্য মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিএসএফের সদস্যরা মরদেহ নিয়ে চলে যান।

নিহত মুনতাজ হোসেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ছোট বলদিয়া গ্রামের স্কুলপাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি পেশায় গরু ব্যবসায়ী ছিলেন।

পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম বলেন, শনিবার (৮ অক্টোবর) রাতে অবৈধভাবে গরু নিয়ে আসার জন্য ভারত সীমান্তে যান মুনতাজ হোসেন। রোববার সকালে ভারত সীমান্তের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাংলাদেশিরা। বিএসএফের গুলিতে তার মৃত্যু হয়েছে। মরদেহ বিএসএফ নিয়ে গেছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনা সাপেক্ষে মরদেহ নিয়ে আসা হবে।

দর্শনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবীর বলেন, বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে বলে জেনেছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি। এরপর বিস্তারিত জানানো হবে।

এর আগে ভোররাতে সাতক্ষীরা সীমান্তের কুশখালী এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে হাসানুর রহমান (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত যুবক হাসানুর কুশখালি গ্রামের হায়দার আলীর ছেলে।

নিহতের বাবা হয়দার আলী জানান, পার্সপোট না থাকায় তার ছেলে হাসানুর রহমান কয়েকদিন আগে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। রোববার ভোর রাত ৩টার দিকে একইভাবে কয়েকজন সঙ্গীর সঙ্গে ভারতের কৈজুরী সীমান্ত পার হয়ে দেশে ফিরছিলেন। রাত ৪টার দিকে ভারতের কৈজুরী ক্যাম্পের টহল বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে হাসানুরের বুকে গুলি লেগে গুরুতর আহত হন।

সঙ্গীরা তাকে উদ্ধার করে সকাল সোয়া ৬টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় রেফার্ড করা হয়। সকাল সাড়ে ৭টার দিকে খুলনা সার্জিকাল হাসপাতালে নেওয়ার পর চিকিৎস্যকরা তাকে মৃত ঘোষণা করেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজি‌বি) সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ জানান, আমরা এখনো বিস্তারিত কিছু জানতে পারেনি। তবে রোববার ভোরে সীমান্তে কোনো গুলির ঘটনা ঘটনা ঘটেনি বলে জেনেছি। এটা ইন্টারনাল কোনো বিষয়ও হতে পারে। এরপরও আমরা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি। বিস্তারিত পরে জানাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *