ঢাকাসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ এসেছে, স্বাভাবিক হবে দ্রুতই

পাঁচ ঘণ্টার বেশি সময় পর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ এসেছে। তবে জাতীয় গ্রিডের বিপর্যয় কাটাতে আরও সময় লাগবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

একটি সঞ্চালন লাইনে বিভ্রাট দেখা দেওয়ায় মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর ২টা থেকে দেশের বিভিন্ন জেলায় বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটে। সন্ধ্যা সোয়া সাতটার দিকে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ আসে। এছাড়া দেশের বিভিন্ন এলাকা থেকেও বিদ্যুৎ আসার খবর পাওয়া গেছে।

৭টা ২৫ মিনিটে বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে বিদ্যুৎ আসে। সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে সচিবালয়ের ভবনগুলোতেও বিদ্যুৎ সরবরাহ করা হয়। এছাড়া রাজধানীর অন্যান্য এলাকায় রাত ৯টা পর্যন্ত বিদ্যুৎ আসার খবর পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজেও স্ট্যাটাস দিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদও।

তিনি বলেন, পাওয়ার গ্রিডের ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানরা অক্লান্ত শ্রম দিচ্ছেন। দ্রুতই বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক হবে। ধৈর্য ধারণের জন্য সবাইকে ধন্যবাদ।

জাতীয় গ্রিডের সঞ্চালন লাইনে বিপর্যয়ের কারণে ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর ২টার দিকে এ বিপর্যয় ঘটে। এরপর থেকে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ ও সিলেটের অধিকাংশ এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন ছিল। সন্ধ্যা থেকে ঢাকা ও এর আশপাশের জেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করে।

সন্ধ্যার পর প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, ঢাকা ও আশেপাশের অঞ্চলে দ্রুত বিদ্যুৎ রিস্টোর (সংযোগ পুরনায় সচল) হচ্ছে। ইতোমধ্যে টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, মানিকগঞ্জে বিদ্যুৎ সরবরাহ সচল হয়েছে। এবং ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, সিলেট, নারায়ণগঞ্জ ও সিদ্ধিরগঞ্জের আংশিক এলাকায় সরবরাহ চালু হয়েছে।

তিনি আরও বলেন, ঢাকায় লোড বেশি হওয়ার কারণে সব লাইন সচল করতে কিছুটা দেরি হতে পারে। অনাকাঙ্ক্ষিত অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *