দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এখন কলকাতায়। দুর্গা পূজা উদযাপন করতেই কলকাতায় অবস্থান তার। সেখানকার কলাকুশলীদের সঙ্গেই ঘুরে বেড়াচ্ছেন তিনি মণ্ডপে মণ্ডপে।
পূজার সময় কলকাতায় অবস্থান করা প্রসঙ্গে জয়া আহসান ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, কলকাতার পূজায় বরাবরই অন্যরকম ভালো লাগে তার কাছে। তাই তিনি চেষ্টা করেন কাজের ব্যস্ততা দুহাতে ঠেলে পূজার সময় কলকাতায় থাকতে। আর এবারও তাই করেছেন।
সাজসজ্জা, বেড়ানো আর খাওয়া-দাওয়া নিয়েও কথা বলেছেন জয়া আহসান। তিনি মনে করেন, দুর্গাপূজায় শুধু নয়, যে কোনো উৎসবেই সাজ এমন হওয়া উচিত, যেন সেটা ব্যক্তিত্বকে হরণ না করে। সোনা আর রূপার গহনা পরতেই জয়া ভালোবাসেন। তবে চড়া রঙের লিপস্টিক তার পছন্দ নয়।
জয়া আহসান বলেন, ‘পূজার এই সময়টাতে ডায়েটের ধারকাছেও থাকি না। ঢাকাতেও পূজার আয়োজন বেশ বড়ই হয়। আর পূজার প্রসাদ তো বাড়িতে আসতেই হবে। এরপরেও আমি যেচে যেচে সবাইকে বলি- আমাকে দাওয়াত কর, আমি যাব। সবার কাছে দাওয়াত চাই। আমি ভীষণরকম ভালো ভালো খাবার খেতে পছন্দ করি, সেটা এক্সপেরিমন্টাল খাবারই হোক বা কোনো উৎসব পার্বণেরই হোক। সেক্ষেত্রে তো আমি কখনোই ডায়েট করব না। পূজাতে তো ভালোমন্দ খাবার চাই-ই চাই!’
এদিকে কলকাতায় যখন জয়া পূজা উদযাপনে সময় পার করছেন সে সময় দেশ থেকে সুখবর পেলেন তিনি। জানানো হল তার অভিনীত ‘পেয়ারার সুবাস’ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে আগামী জানুয়ারিতে। ছবিটির পরিচালক নূরুল আলম আতিক জানালেন এই খবর।
বেশ কয়েক বছর আগে সিনেমাটির শুটিং শেষ হলেও নানা কারণে এত দিন মুক্তি পায়নি। অবশেষে সব জটিলতা কাটিয়ে দর্শকের সামনে সিনেমাটি আসতে চলেছে বলে জানানো হয়েছে।
