ঢালিউডের টক অব দ্য টাউন শাকিব-বুবলী। ৩০ সেপ্টেম্বর ছবি শেয়ার করে জানিয়েছেন তাদের সন্তান শেহজাদ খান বীরের কথা। এরপর আলোচনা সমালোচনা শুরু হয় তাদেরকে ঘিরে। সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মারলেই মিলছে তাদের ছবি।
কিন্তু শাকিব খানের সাবেক স্ত্রী তথা আরেক চিত্রনায়িকা তথা কিং খানের আরেক সন্তানের মা অপু বিশ্বাসের কী অভিমত এই বিষয় নিয়ে? তিনি তো গত মঙ্গলবার শাকিব খানের পরিবারের সঙ্গেই ছেলে আব্রাম খান জয়ের জন্মদিনের কেক কাটেন। পরে তা ফেসবুকে প্রকাশও করেন।
দুর্গাপূজা উপলক্ষে অপু বিশ্বাস বর্তমানে রয়েছেন কলকাতায়। শুক্রবার সেখানে গিয়েছেন তিনি। শাকিব-বুবলীর ইস্যু নিয়ে অভিমত জানতে সেখানে অপু বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করেছিল দেশের একটি জাতীয় দৈনিক। কিন্তু অভিনেত্রী তাদের স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, শাকিব-বুবলী বা নিজের ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে তিনি একেবারেই কথা বলতে চান না।
অপু বিশ্বাস বলেন, প্লিজ, ওই বিষয়ে কিছু বলতে চাই না। আমি আমার মতো থাকতে চাই। জয়কে নিয়ে আমার মতো আমি আছি। অভিনয় করে যেতে চাই। সন্তানকে ভালো মানুষ হিসেবে দেখতে চাই। ওই বিষয়ে নো কমেন্ট।
তবে পূজাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। বলেন, শুধুমাত্র পূজার ছুটি কাটাতেই কলকাতায় এসেছি। ছেলে জয় আমার সঙ্গে আছে। আমার বোন আছেন। মাসির বাড়িতে উঠেছি। কলকাতায় অনেক আত্মীয় আছেন। সময়ের অভাবে সবার সঙ্গে যোগাযোগ করা হয়ে উঠেনি। তবে, এখানে সুন্দর সময় কাটছে।
