যা রটে, তার কিছুটা তো ঘটে! না, কিছু নয়, পুরোটাই ঘটিয়ে দেখালেন ঢালিউড জুটি শাকিব খান ও শবনম বুবলী। তাদের প্রেম-বিয়ের গুঞ্জন বহুদিনের। কিন্তু দু’জনেই এড়িয়ে গেছেন, আড়াল করেছেন অফস্ক্রিনের রসায়ন। অথচ পর্দার পেছনে বাস্তব জীবনে তারা প্রেম, বিয়ে সেরে সন্তানের জনকও হয়ে গেছেন।
বিষয়টি প্রকাশ্যে আসে গত ৩০ সেপ্টেম্বর। সেদিন ছেলে শেহজাদ খান বীরের কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে বুবলী জানান, তিনি মা হয়েছেন। আর এই সন্তানের পিতা শাকিব খান। শাকিব নিজেও একই ছবি পোস্ট করে সত্যতায় সিলমোহর দেন।
এরপর থেকে কানাঘুষা চলছে, ছেলের খবর দিলেও বিয়ে নিয়ে কেন চুপ শাকিব-বুবলী। সেই নীরবতাও ভাঙলেন নায়িকা। সোমবার (৩ অক্টোবর) জানালেন তাদের শুভকাজের সাল-তারিখ। ২০১৮ সালের ২০ জুলাই বিয়ে করেছিলেন তারা।
শাকিবের সঙ্গে নিউইয়র্ক সফরে তোলা কয়েকটি ছবি দিয়ে বুবলী বলেছেন, ‘এখন পর্যন্ত আমার জীবনের স্মরণীয় দুটো তারিখ; ২০-০৭-২০১৮ এবং ২১-০৩-২০২০।’
বুবলী পরিষ্কার করেন, প্রথম তারিখটি শাকিবের সঙ্গে তার বিয়ের, দ্বিতীয়টি তাদের একমাত্র পুত্র বীরের জন্মতারিখ। শেষে নায়িকা লিখেছেন, ‘দয়া করে আপনাদের প্রার্থনায় আমাদের রাখবেন।’
গত মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বেবি বাম্পের ছবি প্রকাশ করে ব্যাপক আলোচনায় আসেন চিত্রনায়িকা শবনম বুবলী। তার সন্তানের বাবা কে, এ নিয়ে বিভিন্ন মাধ্যমে গুঞ্জন ওঠে। এতে শুরু থেকেই জড়িয়ে যায় ঢাকাই সিনেমার অভিনেতা শাকিব খানের নাম। তবে সেই গুঞ্জন জলঘোলা হতে দেননি শাকিব-বুবলী। এর তিনদিন পর শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুজনই নিজ সন্তানের খবর প্রকাশ করেন।
ওইদিন দুপুর ১২টায় নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দেন বুবলী। সেখানে তিনি লেখেন, আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন, সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি। শেহজাদ খান বীর, আমার এবং শাকিব খানের সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।
বুবলীর ফেসবুক স্ট্যাটাসের পর শাকিব খানও নিজের ভেরিফাইড ফেসবুকে সন্তানের বিষয়টি স্বীকার করে নেন।
এদিকে রোববার (২ অক্টোবর) সকালে ছেলের দুটি ছবি ফেসবুকে পোস্ট করে দোয়া চান বুবলী। ক্যাপশনে লিখেছেন- আমার সন্তানকে নিঃস্বার্থ ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ। তার জন্য দোয়া কররেন।
বেবি বাম্পের ছবি প্রকাশ, ফেসবুকে নিজেদের সন্তানের বিষয়টি স্বীকার করে নেওয়ার পর একসঙ্গে শুটিংও করেছেন ঢাকাই সিনেমার এই দুই নায়ক-নায়িকা। শনিবার (১ অক্টোবর) ‘লিডার-আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিংয়ে অংশ নেন তারা।
