নেপালের বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে বাংলাদেশের এক নারী ফুটবলারের ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছিল। তিনি সানজিদা আক্তার। শিরোপা জিতে দেশে ফেরার পর সানজিদাসহ তার সতীর্থদের ডলার চুরি হয়ে যায়। এবার তারা বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের কাছ থেকে অর্থ পেয়েছেন, সানজিদা পেয়েছেন ১ লাখ ৭০ হাজার টাকা দামের আইফোন।
কৃষ্ণা রানি সরকার ও শামসুন্নাহার সিনিয়রের মোট ১ হাজার ৩০০ ডলার চুরি যায়। এছাড়া অন্যদের লাগেজও ভাঙা অবস্থায় পাওয়া যায়। বিনিময়ে শনিবার (২৪ সেপ্টেম্বর) কৃষ্ণা রানিকে দেড় লাখ, শামসুন্নাহারকে ১ লাখ টাকা ও সানজিদাকে আইফোন দেয়া হয়।
চুরির ঘটনার পর বাফুফের পক্ষ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সিভিল এভিয়েশনকে আনুষ্ঠানিক চিঠি দেয়ার কথা জানান কিরণ। এছাড়া মতিঝিল থানা ও এয়ারপোর্ট থানায়ও সাধারণ ডায়েরি করা হয়।
মেয়েদের হাতে ক্ষতিপূরণের টাকা ও মুঠোফোন কিনে দিতে পেরে খুশি মাহফুজা আক্তার কিরণ। বলেন, ‘খোয়া যাওয়া ডলার পাওয়া না গেলে আমরা ক্ষতিপূরণ দিতে চেয়েছিলাম। মেয়েদের হারিয়ে যাওয়ার ডলারের চেয়েও বেশি দিয়েছি আজ। ওরা খুবই খুশি।’
ক্ষতিপূরণ বুঝে পেয়ে খুব খুশি ফুটবলাররা। সানজিদা জানান, তাঁর স্বপ্ন পূরণ হয়েছে, ‘আমি খুব খুশি, আমার খুব ভালো লাগছে। আমার স্বপ্ন ছিল আমার যে প্রাইজমানি, সেটার সঙ্গে আরও কিছু টাকা যোগ করে আইফোন কিনব, এখন সেটা পেয়ে গেছি।’
টাকা পেয়ে মায়ের জন্য সোনার চেইন কিনতে যাওয়ার কথা জানিয়েছেন কৃষ্ণা, ‘টাকাটা ফিরে পেয়ে খুশি। আমি আজকেই দোকানে যাব এবং মায়ের জন্য যে চেইনটা দেখেছিলাম, সেটা কিনব।’
শামসুন্নাহার জানান, হারিয়ে যাওয়া অর্থের থেকে অনেক বেশি পাওয়ায় তাঁরা আনন্দিত, ‘আমরা যতটুকু হারিয়েছি, তার চেয়ে বেশি পেয়েছি। আমরা আসলেই খুশি।’
