Home বিনোদন নতুন রূপে আসছেন শুভশ্রী

নতুন রূপে আসছেন শুভশ্রী

0
148

মাথায় পাতলা পাকা চুল খোঁপা করে বাঁধা। মুখ আর হাতের তামাটে চামড়ায় অজস্র বলিরেখা। চশমার কাঁচের পেছনে ঘোলাটে দুই চোখ। মুখে হালকা হাসি। এক হাতা ভাত তুলে পরিবেশন করার অপেক্ষায় রয়েছেন।

ছবিটা দেখে এক ঝলকে বুঝতে বেশ বেগ পেতে হবে যে এটাই শুভশ্রী গাঙ্গুলি। প্রস্থেটিক মেকআপের কল‍্যাণে এক নিমেষে বৃদ্ধা হয়ে গিয়েছেন টলিউডের প্রথম সারির এই অভিনেত্রী!

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাতে প্রকাশ হওয়া একটি পোস্টারে এমন ব্যতিক্রম রূপে দেখা দিয়েছেন তিনি।

সুদর্শনা শুভশ্রীর তাহলে এই হাল কেন? রহস্য ভেদ হয় পোস্টারের অন্যান্য তথ্যে চোখ রাখলে। এটি মূলত ‘ইন্দুবালা ভাতের হোটেল’ নামের একটি ওয়েব সিরিজের পোস্টার। যেখানে নামভূমিকায় আছেন শুভশ্রী। এর মাধ্যমেই ওয়েব দুনিয়ায় অভিষেক হচ্ছে অভিনেত্রীর।

স্ত্রীর ছবি শেয়ার করে গর্বিত স্বামী রাজ লিখেছেন, ‘নিজেকে ভেঙে ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এ পঁচাত্তর বছর বয়সী একজন মহিলার চরিত্রে অভিনয় করার সাহসিকতাকে আমি কুর্নিশ জানাই৷ হ‍্যাটস অফ গোটা টিম-কে। জানি খুব ভালো হবে। অপেক্ষায় রইলাম৷’

লেখক কল্লোল লাহিড়ীর উপন্যাস ‘ইন্দুবালা ভাতের হোটেল’ থেকে নির্মিত হয়েছে এই ওয়েব সিরিজ। নির্মাণ করেছেন দেবালয় ভট্টাচার্য। ওয়েব সিরিজে মুখ‍্য চরিত্র ইন্দুবালার ভূমিকায় থাকছেন শুভশ্রী। এতে শুভশ্রীর স্বামীর ভূমিকায় আছেন পরমব্রত চট্টোপাধ্যায়। দেখা যাবে সোহম চক্রবর্তীকেও।

রন্ধন পটীয়সী ইন্দুবালা হয়ে উঠতে কোনো খামতি রাখছেন না শুভশ্রী। ‘পরিণীতা’র আগে যেমন সোহিনী সেনগুপ্তর কাছে অভিনয়ের মহড়া নিয়েছিলেন, তেমনি ‘ইন্দুবালা ভাতের হোটেল’ এও যাতে অভিনয়ে কোনো ত্রুটি না থাকে সে জন‍্য এবারেও সোহিনীই ভরসা শুভশ্রীর।

পরিচালক দেবালয় জানান, ইন্দুবালার ১৬ থেকে ৭৫ বছর বয়স পর্যন্ত দেখানো হবে। ১৬ বছরের ইন্দুবালার চরিত্রে দেখা যাবে পারিজাত চৌধুরীকে। আর শুভশ্রী অভিনয় করবেন ২৫ থেকে ৭৫ বছর বয়স পর্যন্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here