নায়িকা মানেই জিরো ফিগার, এমন ভাবা ঠিক না: দীঘি

শিশুশিল্পী হিসেবে দেশজুড়ে জনপ্রিয়তা পেয়েছিলেন প্রার্থনা ফারদিন দীঘি। বলা চলে, দেশের সিনেমায় তার মতো সাফল্য কোনো শিশুশিল্পীই পাননি। সেই দীঘি এখন পুরোদস্তুর নায়িকা। এরই মধ্যে বড় পর্দায় তার নায়িকাযাত্রা হয়ে গেছে।

তবে নানা সময় ওজন নিয়ে সামাজিক মাধ্যমে বুলিংয়ের শিকার হতে হয় দীঘিকে। বিষয়টি নিয়ে এতদিন চুপ থাকলেও সম্প্রতি মুখ খুলেছেন এই নায়িকা। নিজের ওজন নিয়ে প্রশ্ন তোলা নেটিজেনদের কড়া জবাব দেন ‘চাচ্চু’ খ্যাত তারকা।

গত ১১ সেপ্টেম্বর নিজের ফেসবুকে দীঘি লেখেন, ‘সবাই আমার ওজন নিয়ে খুব চিন্তিত! তারা আসলে ভুলে গেছেন আমি একজন অভিনয়শিল্পী, যার কাজ মূলত অভিনয় করা; জিম প্রশিক্ষক না।’

দীঘির ওই পোস্টটিতে মন্তব্য করে তার পাশে দাঁড়িয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়াসহ আরও অনেকে। সবাই তাকে বলেছেন এসব কথাকে পাত্তা না দিয়ে নিজের কাজ করে যেতে।

এদিকে সম্প্রতি সেই স্ট্যাটাসের ব্যাখ্যা দিয়েছেন দীঘি। একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন নায়িকা মানেই স্লিম ফিগার, জিরো ফিগার হতে হবে এমনটা ভাবা ঠিক নয়।

দীঘি বলেন, কয়েক বছর ধরেই শুনছিলাম যে আমি ফিটনেস সচেতন না। যদিও আমি আমার ফিটনেস নিয়ে বরাবরই সচেতন। তবুও কিছু লোক এসব বলে পৈশাচিক আনন্দ পায়। এই কটূ কথা বা একজনকে ছোট করাটা আমার একদমই পছন্দ না।

তিনি বলেন, আমি সবসময়ই বলে আসছি আমি একজন অভিনেত্রী, আমার কাজটাই হচ্ছে অভিনয় করা। বাদ বাকিগুলো সব পরে দেখবেন। কিন্তু আমি অভিনয় পারি কিনা সেটা দিয়ে আমাকে আগে বিচার করবেন।

দীঘি বলেন, এখন পৃথিবী অনেক এগিয়ে গেছে। এখনও যদি আমি আগের চিন্তায়ই থাকি যে নায়িকা মানে স্লিম ফিগার, নায়িকা মানে জিরো ফিগার। তাছাড়া নায়িকা হবে না। এই জিনিসটা থেকে বের হওয়া উচিৎ। আমরা বের হয়ে এসেছি, আমরা একটা নতুন প্রজন্মতে আছি, তাদেরও বের হয়ে আসা উচিৎ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *