৪টি টিকিট বিক্রি হয়েছে শুনে যা বললেন নায়ক ইমন

নির্মাতা সাইদুল ইসলাম রানা পরিচালিত প্রথম সিনেমা ‘বীরত্ব’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক মামনুন ইমন ও নবাগত নায়িকা সালওয়া। গত শুক্রবার দেশের ৩৫ হলে মুক্তি পেয়েছে ছবিটি।

সিনেমাটির গল্পটা মফস্বল শহরের। সেখানকার সাধারণ মানুষের আবেগ-অনুভূতি যেমন জড়িত, তেমনি আছে অন্ধকার জগতের ভয়াবহতা। সবকিছু ছাপিয়ে গল্পটিতে মুখ্য হয়ে ওঠে চিকিৎসকদের ত্যাগ ও বীরত্বের আখ্যান।

তারকাবহুল এই সিনেমায় আরও অভিনয় করেছেন নিপুণ, ইন্তেখাব দিনার, নাসিম, মনিরা মিঠু ও কচি খন্দকার, জয়ন্ত চট্টোপাধ্যায়, বড়দা মিঠু, মআরমান পারভেজ মুরাদ, শিল্পী সরকার অপু প্রমুখ।

ছবিটি মুক্তির আজ ষষ্ঠ দিন চলছে। প্রথম কয়েকদিন দর্শক ছবিটি দেখতে হলে গেলেও চতুর্থ দিন থেকে কমতে শুরু করেছে। অনেকেই বলছেন ছবির গল্প ভালো হলেও প্রচারণার অভাবে ছবিটি মুখ থুবড়ে পড়ছে।

সিনেমাটি দেখতে পরিচালক সাইদুল ইসলাম রানা, নায়ক ইমন ও নায়িকা নিপুনসহ অন্যান্য কলাকুশলীরাসহ নিপুনরা বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ীর সাধনা সিনেমা হলে যান। তবে দুপুরের শো দেখার জন্য সেসময় পর্যন্ত কেউ টিকিট কাটেননি।

ইমন ও নিপুন হলের সামনে গেলে তাদের দেখতে ভিড় জমান উৎসুক জনতা। এরপর তারা হলে প্রবেশ করলে সিনেমাটি চালানো হয়। তখনো মাত্র ১৫টি টিকিট বিক্রি হয়। এর আগে বীরত্ব ছবির সকালের শো-তে মাত্র চারটি টিকিট বিক্রি করে হল কর্তৃপক্ষ।

বিকেলের শো-তে দর্শকদের সঙ্গে হলে কিছুক্ষণ সিনেমা দেখে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পরিচালক সাইদুল ইসলাম রানা, নায়ক ইমন ও নায়িকা নিপুন।

এ সময় চিত্রনায়ক ইমন বলেন, “বীরত্ব ছবিটি সারাদেশে হাউসফুল যাচ্ছে। দর্শকদের কাছ থেকেও ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।”

সাংবাদিকরা ইমনকে প্রশ্ন করেন, আপনি জানালেন বীরত্ব ছবি সারাদেশে হাউসফুল যাচ্ছে। কিন্তু এই হলে সকালের শো-তে মাত্র চারটি টিকিট বিক্রি হয়েছে। আর দুপুরের শোতে আপনারা হলে ঢোকার আগ মুহূর্ত পর্যন্ত একটি টিকিটও বিক্রি হয়নি। এ বিষয়ে কী বলবেন?

উত্তরে ইমন বলেন, “সকালের শো-তে যে চারটি টিকিট বিক্রি হয়েছে এ জন্য আলহামদুলিল্লাহ। কারণ সকালের শো-তে কেউ আসে না। অনেক বড় বড় ছবিতে সকালের শো-তে দর্শক হয় না। ইভিনিং শো সব জায়গায় ভালো যায়। আজকে তো আমরা বেশ হাউসফুলই দেখলাম। তো এভাবে যদি সব জায়গাতেই ভালো যায় ওইটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া।”

সাধনা সিনেমা হলের অপারেটর হাসান আল মামুন বলেন, “হলে দর্শক খুবই কম। বুধবার বীরত্ব সিনেমার সকালের শোতে মাত্র চারটি এবং দুপুরের শোতে নায়ক-নায়িকা আসার পর ১৫টি টিকিট বিক্রি হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *