ফুটবলের রানিদের জন্য প্রস্তুত ছাদখোলা ‘চ্যাম্পিয়ন বাস’

বিশ্বের অনেক দেশেই ক্রীড়াঙ্গনে সর্বোচ্চ সাফল্যের পর বিজয়ীদের বরণ করে নিতে ছাদখোলা বাসে শহর ঘুরানোর চল আছে। তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেন সাধারণ জনগণ। এই তো কদিন আগে অর্থনৈতিক মন্দার মাঝেও এশিয়া কাপ জয়ী শ্রীলঙ্কাকে ছাদখোলা বাসে করে অভিবাদন জানানো হয়েছিল। কিন্তু বাংলাদেশে এমনটা দেখা যায়নি কখনও, অবশ্য খুব একটা উপলক্ষও তৈরি হয়নি। এবার সাফ চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লো নারী দল, এই ‘সুযোগ’ লুফে নিয়ে তাদের দেওয়া হচ্ছে ঐতিহাসিক সংবর্ধনা।

অবশ্য ছাদখোলা বাসে করে সংবর্ধনার একটা ‘অপূর্ণ চাহিদা’ এসেছিল বাংলাদেশ দলের ফুটবলার সানজিদা আখতারের ফাইনালের আগের দিনের পোস্টে, ‘ছাদখোলা চ্যাম্পিয়ন বাসে ট্রফি নিয়ে না দাঁড়ালেও চলবে, সমাজের টিপ্পনীকে একপাশে রেখে যে মানুষগুলো আমাদের সবুজ ঘাস ছোঁয়াতে সাহায্য করেছে, তাদের জন্য এটি জিততে চাই।’

এই পোস্ট যেন ছুঁয়ে যায় দেশবাসীর হৃদয়। ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলও আবেগী হয়েছেন। তাই বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার পর অফিসে বসেই সিদ্ধান্ত নেন ছাদখোলা বাস তৈরি করার।

অবশেষে বিআরটিসির দ্বিতল বিশিষ্ট বাসের ছাদ ফেলে এক দিনের মধ্যেই তৈরি হয়ে গেছে ছাদখোলা বাস। যে বাসে করে খোলা হাওয়ায় দেশবাসীর সঙ্গে সাফল্যের আনন্দ ভাগাভাগি করবেন সাবিনা-সানজিদারা।

বুধবার দুপুর ১টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তারা।

বাসের প্রাথমিক রুট ঠিক হয়েছে- বিমানবন্দর থেকে কাকলী, জাহাঙ্গীর গেট, পিএম অফিস, তেজগাঁও, মৌচাক, কাকরাইল হয়ে বাফুফে ভবন। বাফুফে ভবনে আরেক দফা বরণ করা হবে সাবিনাদের।

জানা গেছে, গতকাল মঙ্গলবার সারা দিন ও রাত বাস ডেকোরেশনের কাজ হয়েছে। কাঠমান্ডুতে সাবিনারা ট্রফি গ্রহণের ছবিটি বাসের গায়ে অঙ্কিত হয়েছে। বেশ বড় করা লেখা হয়েছে চ্যাম্পিয়ন্স। ক্রীড়ামোদী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিও রয়েছে এই বাসে।

বাসটি মতিঝিলস্থ বিআরটিসির কমলাপুর ডিপোতে ছিল। এখন এই বাসটি বিমানবন্দরে সাবিনাদের গ্রহণ করতে রওনা হয়েছে। এই বাসে করে বাংলাদেশ চ্যাম্পিয়ন দল বিমানবন্দর থেকে বাফুফে ভবনে আসবে।

ইতিমধ্যে সাবিনাদের ট্রফি বরণের জন্য প্রস্তুত বাংলাদেশ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাবিনাদের অভ্যর্থনা জানাবেন ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ অভিভাবক ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তার সঙ্গে থাকবেন মন্ত্রণালয় ও ফেডারেশনের কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *