‘অপারেশন সুন্দরবন’ দেখে খুশিতে কাঁদলেন ভারতের দর্শনা

মুক্তির দুদিন আগে প্রিমিয়ার হল ‘অপারেশন সুন্দরবন’র; আর সেখানে আনন্দঅশ্রু ঝরল এই সিনেমার অভিনেত্রী দর্শনা বণিকের।

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে হয় র‌্যাবের পৃষ্ঠপোষকতায় নির্মিত এই সিনেমার প্রিমিয়ার।

কলকাতার অভিনেত্রী দর্শনা প্রিমিয়ারের জমকালো অনুষ্ঠান দেখে সাংবাদিকদের মুখোমুখি যখন হলেন, তখন চোখের জল মুছছিলেন তিনি।

দর্শনা বলেন, একটা সিনেমার জন্য এত বড় আয়োজন দেখে আমি ইমোশনাল হয়ে পড়েছি।

‘একটি সিনেমার প্রিমিয়ারে এত এত স্বনামধন্য মানুষ, এত সাংবাদিক দেখে আমি অভিভূত। সর্বোপরি সিনেমাটি এত ভালো হয়েছে। এসব দেখে নিজেকে ধরে রাখতে পারছি না।’

প্রিমিয়ার শোতে প্রধান অতিথি ছিলেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপ-মন্ত্রী হাবিবুন নাহার। আরও উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ, র‌্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন প্রমুখ।

র‌্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটির প্রযোজনায় নির্মিত হয়েছে অপারেশন সুন্দরবন। সুন্দরবনকে জলদস্যুমুক্ত করতে র‌্যাবের দুঃসাহসিক অভিযান ফুটিয়ে তোলা হয়েছে এ সিনেমায়।

সিনেমাটি পরিচালনা করেছেন ঢাকা অ্যাটাকের নির্মাতা দীপঙ্কর দীপন। তারকাবহুল এ সিনেমায় অভিনয় করেছেন রিয়াজ, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, জিয়াউল রোশান, দর্শনা বণিক, মনোজ প্রামাণিক, সামিনা বাসার, রাইসুল ইসলাম আসাদ, তাসকিন আহমেদ, রনক হাসান, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।

বাংলাদেশের দুটি সিনেমায় অভিনয় করেছেন কলকাতার মডেল ও অভিনেত্রী দর্শনা বণিক। ‘অপারেশন সুন্দরবন’-এর পর তিনি শাকিব খানের সঙ্গে জুটি হন ‘অন্তরাত্মা’ সিনেমায়। কাজ করেছেন বাংলাদেশের কয়েকটি পণ্যের বিজ্ঞাপনেও।

‘অন্তরাত্মা’ এখনো হলে না এলেও ঘনিয়ে এসেছে ‘অপারেশন সুন্দরবন’-এর মুক্তির তারিখ। ২৩ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে সিনেমাটি। এর প্রচারণায় অংশ নিতে কলকাতা থেকে ঢাকায় উড়ে এসেছেন দর্শনা।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জোর প্রচারণা চালাচ্ছে ‘অপারেশন সুন্দরবন’ টিম। সিনেমার অন্যান্য অভিনয়শিল্পীর সঙ্গে প্রতিটি ইভেন্টে যাচ্ছেন দর্শনা। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছেন হলে গিয়ে সিনেমাটি দেখার জন্য।

‘অপারেশন সুন্দরবন’-এ দর্শনা বণিক অভিনয় করেছেন জিয়াউল রোশানের বিপরীতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *