বাংলা গানের জনপ্রিয় গায়ক খান আসিফুর রহমান আগুন যিনি ‘আগুন’ হিসেবে পরিচিত। গানের পাশাপাশি সিনেমা, নাটকে কাজ করে দর্শকের মন জয় করেছেন এ গায়ক।
এবার তাকে প্রথমবার দেখা যাবে একটি ওয়েব সিরিজে। নাম ‘দ্য হলি গান’।
এই ওয়েব সিরিজের মধ্য দিয়ে প্রথমবার খল চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন আগুন। তার সঙ্গে দেখা যাবে অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলাকে। থাকবেন আরও কয়েকজন প্রিয়মুখ। থ্রিলার ঘরানার গল্পে ছয় পর্বের ওয়েব সিরিজ হবে।
এ প্রসঙ্গে আগুন বলেন, সিরিজটি নিয়ে এখনই বিস্তারিত বলতে চাই না। তবে একটি ব্যতিক্রমী কাজ আমি করেছি, এটা জানাতে পারি। দেশীয় একটি ওটিটিতে দেখা যাবে সিরিজটি।
খল চরিত্রে কাজ করা প্রসঙ্গে তিনি বলেন, পর্দায় স্মার্ট ভিলেনরা সবসময়ই বাজিমাত করেছেন। দর্শক একজন হিরোকে যেমন স্মার্টলি দেখতে চায় একজন এন্টি হিরোকেও সেভাবে দেখতে চায়। সে চাহিদা থেকে আমার চরিত্রটি সবাই উপভোগ করবেন বলেই আমার বিশ্বাস।
সিরিজটি সম্পর্কে পরিচালক জুয়েল বলেন, থ্রিলার ঘরানার গল্প। ছয় পর্বের সিরিজ এটি। চরিত্র সম্পর্কে এখনই কিছু বলতে চাই না। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নিষেধ আছে। তবে দর্শক নতুন কিছু পাবেন এটা নিশ্চিত করতে পারি। খুব শিগগিরই ‘দ্য হলি গান’ মুক্তি পাবে।
