এ সময়ের উপস্থাপনা জগতে পরিচিত মুখ সাদিয়া শিমুল। নিয়মিত উপস্থানা করছেন তিনি। উপস্থাপনা ঘিরেই তার সব ব্যস্ততা। দীর্ঘ উপস্থাপনার ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেলেও অভিনয়ে আগ্রহ না থাকায় সেসব প্রতিবারই ফিরিয়ে দিয়েছেন সাদিয়া। তবে এবার নাম লেখালেন সরকারি অনুদানের একটি সিনেমায়।
সিনেমাটির নাম ‘শ্রাবণ জ্যোৎস্না’। ইমদাদুল হক মিলনের গল্প অবলম্বনে সিনেমাটি পরিচালনা করছেন আব্দুস সামাদ খোকন। এরই মধ্যে সিনেমাটির বেশ কিছু অংশের শুটিং শেষ হয়েছে। সিনেমাটির একটি বিশেষ চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন এই উপস্থাপিকা।
অভিনয় প্রসঙ্গে সাদিয়া শিমুল বলেন, বিশেষ চরিত্রে অভিনয় করব। এখানে দীঘি মূল চরিত্রে অভিনয় করবেন। আমি দীঘির বড় বোনের চরিত্রে অভিনয় করব। আমার চরিত্রটাও আলাদা। কানাডায় থাকা একটি উচ্চবিলাসী মেয়ের চরিত্রে দর্শক দেখতে পাবেন। ১৮ সেপ্টেম্বর থেকে ছবির শুটিং শুরু হবে। কাজটি নিয়ে আমি আশাবাদী।
তিনি বলেন, আমার ক্যারিয়ারের শুরু থেকেই অনেক সিনেমার প্রস্তাব পেয়েছি, এমনকি নাটকেরও। কিন্তু উপস্থাপনা করতেই আমার বেশি ভালো লাগতো সবসময়, যার কারণে অভিনয় কখনও টানেনি আমাকে। চাইলে হয়তো কাজ করতে পারতাম কিন্তু আমার আগ্রহ জাগেনি কখনও।
তবে এই ছবিতে অভিনয় প্রসঙ্গে সাদিয়া শিমুল বলেন, আবদুস সামাদ খোকন স্যার সিনিয়র নির্মাতা। তিনি জানালেন, এটা হয়তো তার শেষ সিনেমা হবে! তারপর সিদ্ধান্ত নিলাম কাজটি করার। উনি এরপর আর সিনেমা নির্মাণ করবেন না, এটাই শেষ; এ কথা শোনার পর মনে হলো কাজটি করি।
