বনানীতে সালমান খানের দোকান থেকে পোশাক কিনতে লাইন

বলিউড তারকা সালমান খানকে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই। তাঁর সেবামূলক প্রতিষ্ঠান বিয়িং হিউম্যানের কথাও কমবেশি সবার জানা। তবে ২০১২ সালে সালমান এ নামেই একটি পোশাকের ব্র্যান্ড শুরু করেন।

এরই ধারাবাহিকতায় আজ বাংলাদেশে লঞ্চ করা হলো বিয়িং হিউম্যান ক্লোদিং ব্র্যান্ডের। ঢাকার বনানীতে এর প্রথম আউটলেটটি উদ্বোধন করেন সালমানের ছোট ভাই, অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজক সোহেল খান।

বাংলাদেশে এই জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ডটির ফ্র্যাঞ্চাইজি নিয়েছেন ক্রিমসন কাপ বাংলাদেশের সহপ্রতিষ্ঠাতা রেহান রহমান ও মোহাইমিন মোস্তফা। দুই হাজার বর্গফুটের এই আউটলেট অত্যাধুনিক ইন্টেরিয়র ও আউটলুকে তৈরি।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এটি উদ্বোধন করেন সালমান খানের ভাই সোহেল খান ও ভাগ্নে আয়ান অগ্নিহোত্রি৷

দোকানটির উদ্বোধন অনুষ্ঠান শুরুর আগে থেকেই শত শত ক্রেতা দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে ছিলেন। তীব্র রোদ ও গরম উপেক্ষা করেও ধৈর্য নিয়ে তাদের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

অনেক ক্রেতার সঙ্গে কথা বলে জানা গেছে, এ দোকানে কী ধরনের পোশাক পাওয়া যাবে, তা নিয়ে ব্যাপক কৌতূহল তাদের মনে।

এ ছাড়া সংশ্লিষ্টরা জানিয়েছেন, দোকানটি চালুর পর প্রথম ১৫০ জন ক্রেতা পাবেন সালমান খানের স্বাক্ষর করা ক্যাপ (টুপি)। তাই আগে থেকেই সেখানে ভিড় জমিয়েছেন ক্রেতারা।

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ২০১২ সালে যাত্রা শুরু করে ‘বিয়িং হিউম্যান’। পোশাক বিক্রির একটি নির্দিষ্ট লভ্যাংশ ব্যয় করা হয় পিছিয়ে থাকা জনগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়নের জন্য।

ভারতের মুম্বাইয়ে যাত্রা শুরু হয় ‘বিয়িং হিউম্যান’-এর। এখন পর্যন্ত বিশ্বের ১৫টি দেশে এর ৫০০টির বেশি আউটলেট রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *