দীর্ঘদিন ধরে একাই ঢালিউডকে টেনে নিয়ে যাচ্ছেন সুপারস্টার শাকিব খান। তার চিন্তাজুড়ে শুধুই সিনেমা। তবে নিজের সিনেমা নিয়েই শুধু ভাবেন না এই তারকা। সহকর্মীদের চলচ্চিত্র নিয়েও ভাবেন তিনি। আর সেটা আরও একবার দেখালেন ঢালিউড কিং।
আগামীকাল শুক্রবার (১৬ সেপ্টেম্বর) মুক্তি পাচ্ছে অভিনেতা মামনুন ইমনের সিনেমা ‘বীরত্ব’। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকের প্রতি সিনেমাটি দেখার আহ্বান জানালেন কিং খান।
নিজের ফেসবুককে ‘বীরত্ব’ -এর একটি পোস্টার প্রকাশ করেছেন শাকিব। সেখানে ইমন ও তার সিনেমার প্রতি শুভকামনা জানিয়ে লিখেছেন, “দেশের সিনেমা হলে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) মুক্তি পাচ্ছে স্নেহের ইমন অভিনীত সিনেমা ‘বীরত্ব’। এই সিনেমার পুরো টিমের জন্য শুভকামনা।”
এরপর তিনি আরও লেখেন, ‘সামনে নানান ধরনের গল্পে আরও ভালো ভালো সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। সবাই সিনেমা হলে গিয়ে সিনেমা দেখুন, বাংলা সিনেমার সঙ্গে থাকুন। জয় হোক বাংলা সিনেমার।’
এ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বাংলা সিনেমায় খলনায়ক হিসেবে অভিষেক হচ্ছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইন্তেখাব দিনারের। পাশাপাশি এ সিনেমায় অভিনয় করেছেন আহসান হাবিব নাসিম ও মনিরা মিঠু। এছাড়া বিশেষ চরিত্রে দেখা যাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী নিপুণ আক্তারকে।
‘বীরত্ব’ মুক্তি উপলক্ষে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রযোজনা প্রতিষ্ঠান (পিং পং এন্টারটেইনমেন্ট)। সম্মেলনে শাহীন সুমন, মুশফিকুর রহমানসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট লোকজন উপস্থিত ছিলেন।
