যারা বলেছিল আমি পারবো না, এখন তারাই প্রশংসা করছে: মুনমুন

এক সময়ের ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মুনমুন। এখন আর আগের মতো সিনেমায় তাকে দেখা যায় না। তবে একেবারে অভিনয় ছাড়নেনি। মাঝে মাঝে সিনেমায় অভিনয় করেন। সংখ্যায় খুবই কম।

মুনমুন ভক্তদের জন্য সুখবর হচ্ছে, অ্যাকশনধর্মী কাজে বিশেষ খ্যাতি পাওয়া এ নায়িকা আবারো বড় পর্দায় হাজির হতে যাচ্ছেন। তবে এই প্রথমবার তিনি হাজির হচ্ছেন ভিলেন চরিত্রে। সিনেমার নাম ‘রাগী’। পরিচালনায় মিজানুর রহমান মিজান।

অনেকদিন ধরেই সিনেমাটি সম্পর্কে শোনা যাচ্ছিলো। আনঅফিসিয়াল কিছু পোস্টারও প্রকাশ্যে আসে। সেগুলো নিয়ে দর্শকের ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। সম্প্রতি আরও একটি পোস্টারে দেখা গেলো মুনমুনকে। যেখানে দেখা যায়, মুখের সামনে চাকু নিয়ে ভয়ানক চাহনিতে তাকিয়ে আছেন নায়িকা।

ছবিটির পোস্টার, মুক্তি এবং সিনেমাটিতে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে সম্প্রতি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন মুনমুন। জানালেন, আগামী অক্টোবরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। তবে শর্ত থাকায় নির্দিষ্ট তারিখ তিনি বলতে পারছেন না। শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

‘রাগী’ সিনেমায় ভিলেন তথা খলনায়িকার ভূমিকায় আছেন মুনমুন। এর আগে কখনও এমন চরিত্রে কাজ করেননি জানিয়ে তিনি বলেন, ‘আমাকে যখন এই সিনেমায় ভিলেনের চরিত্রের জন্য নেওয়া হয়, তখন অনেক কটূক্তি শুনতে হয়েছে। তারা মেনেই নিতে পারেননি যে, আমি ভিলেন হবো। তারা বলেছেন, মহিলা ভিলেনের সিনেমা নাকি এ দেশে কখনও চলেনি, চলবে না। আবার আমি সবসময় নায়িকার চরিত্রে কাজ করেছি, ভিলেন চরিত্রে পারব না। এসব কথা শুনে আমার মধ্যে একটা জেদ চাপে, কাজটিকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করি।’

মুনমুন জানান, এই চ্যালেঞ্জিং কাজে তাকে সাহস যুগিয়েছেন সিনেমাটির নির্মাতা। শুটিং শুরুর পর আশেপাশের মানুষদের ধারণা পাল্টাতে বেশি সময় লাগেনি। তার ভাষ্য, ‘প্রথম দিন শুটিংয়ে গিয়ে দেখি পাতাভর্তি সংলাপ। নায়িকা হিসেবে এরকম সংলাপ তো আগে কখনও দেইনি। তবে যারা বলেছিলো আমি পারবো না, অভিনয় দেখার পর তারাই প্রশংসা করেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *