অভিনয় থেকে বিরতি নিলেন দীঘি

শিশু শিল্পী হিসেবে সিনেমার পর্দায় আসেন দীঘি। সেই ছোট্ট মিষ্টি মেয়েটি এখন অনেক বড় হয়ে গিয়েছে। নিজেকে প্রকাশ করেছে নায়িকা হিসেবেও।

সম্প্রতি তিনি রাজধানীর ইউল্যাব ইউনিভার্সিটিতে মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম বিষয়ে স্নাতক সম্মানে ভর্তি হয়েছেন। বর্তমানে পড়াশোনা নিয়েই ব্যস্ত নায়িকা।

তাহলে কি চলচ্চিত্র থেকে বিদায় নিচ্ছেন দীঘি? এমন আশঙ্কার কথা না হলেও আপাতত কাজের ক্ষেত্রে কিছুটা বিরতি নেবেন তিনি। এ প্রসঙ্গে দীঘি বলেন,‘আপাতত আমি ভার্সিটি স্টুডেন্ট।’

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নিজের নতুন এই অধ্যয়নের সঙ্গে মানাতেই খানিক বিরতি। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে পড়ার কৌতুহল নিয়ে দীঘি বলেন, ‘এ বিষয়টি নিলাম। কারণ এই সাবজেক্টে পড়লে অনেক কিছু করতে পারবো। কাজ কর্মের অনেক অপশন খোলা থাকবে। অ্যাটলিস্ট আমাকে বেকার থাকতে হবে না।’

নিজের বেকারত্বের কথা বললেও মূলত দীঘির ইচ্ছে ক্যামেরার পেছনে কাজ করার। আর সেই ইচ্ছেতেই এই বিষয়ে পড়াশোনা।

দীঘি বলেন, ‘কোনো না কোনো সময় চলচ্চিত্র নির্মাণে আসার ইচ্ছে আমার। অন্তত একটা হলেও নির্মাণ করতে চাই। যেহেতু চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে আলাদা কোনো ইনস্টিটিউট নেই, তাই এই বিষয়টাকেই বেছে নেওয়া। আর শুরুর দিকে পড়াশোনার অনেক চাপের বাইরে নতুন পরিবেশটাকে মানিয়ে নিতে কিছুদিন সময় লাগবে। তাই আপাতত কোনো ছবির কাজে হাত দিচ্ছি না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *