উত্তরায় গার্ডার দুর্ঘটনা: ক্রেনের চালকসহ ৯ জন গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর উত্তরায় প্রাইভেট কারের ওপর নির্মাণাধীন বাস র‍্যাপিড ট্রানজিট বা বিআরটি প্রকল্পের ক্রেন থেকে বক্স গার্ডার পড়ে পাঁচজন নিহতের ঘটনায় ক্রেনের চালকসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গ্রেপ্তার হওয়াদের মধ্যে ক্রেনচালক, চালকের সহকারী, ঠিকাদারী প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীসহ ৯ জন রয়েছেন। তাদের ঢাকা, গাজীপুর, সিরাজগঞ্জ ও বাগেরহাট থেকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার রাত ১০টায় র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে আজ বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ গার্ডার দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন। রুলে দুর্ঘটনারোধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তাও জানতে চাওয়া হয়।

একইসঙ্গে গত পাঁচ বছরে ফ্লাইওভারের নির্মাণ কার্যক্রম পরিচালনার সময় বিআরটি জনগণের নিরাপত্তার জন্য কী কী ব্যবস্থা নিয়েছে তার একটি প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন আদালত। দুই মাসের মধ্যে বিবাদীদের এ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

উল্লেখ্য, উত্তরার জসীমউদ্‌দীন মোড়ে প্যারাডাইজ টাওয়ারের সামনের সড়কে সোমবার বিকেলে ফ্লাইওভারের গার্ডার চাপা পড়ে একটি প্রাইভেটকার। ক্রেনে তোলার সময় ভায়াডাক্টের অংশটি নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত গাড়িটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান দুই শিশুসহ পাঁচজন। এতে আহত হন আরও দুজন।

ঘটনার পর থেকেই পলাতক ছিলেন ক্রেনের চালক, সহকারীসহ সেখানে নিরাপত্তার জন্য নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মীরা। ক্রেনের চালকসহ ঠিকাদারি প্রতিষ্ঠান সিজিজিসির বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে সোমবার রাতেই মামলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *