ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস এক দশকের বেশি সময়ে প্রায় ১০০টি সিনেমায় অভিনয় করেছেন। দর্শককে উপহার দিয়েছেন ব্যবসাসফল সিনেমা। তার অভিনীত অধিকাংশ সিনেমায় নায়ক ছিলেন শাকিব খান।
সম্প্রতি নিরবের বিপরীতে ‘ছায়া বৃক্ষ’ সিনেমায় অভিনয় করেন অপু। এরই মধ্যে সিনেমার শুটিং শেষ হয়েছে। এরপর দীর্ঘদিন তাদের একসঙ্গে দেখা যায়নি। তবে এবার নিরবের সঙ্গে রাজধানীর একটি শপিং মলে দেখা গেছে অপু বিশ্বাসকে।
গতকাল ১৬ আগস্ট রাজধানীর মোহাম্মদপুরে টোকিও স্কোয়ারে ম্যাকয়্ ফ্যাশন হাউজের শো-রুম উদ্বোধন করেন এই দুই তারকা। এ সময় ফ্যাশন ডিজাইনার, ম্যাকয়্-এর ব্যবস্থাপনা পরিচালক মেসবাহ্-উল-আলম সাজু, মডেল ও উপস্থাপিকা বারিশ, কোরিওগ্রাফার গৌতম সাহা উপস্থিত ছিলেন।
এদিকে কলকাতার একটি সিনেমায় অভিনয় করেছেন অপু বিশ্বাস। নাম ‘আজকের শর্টকাট’। এটিই অপুর প্রথম টলিউড সিনেমা। এই সিনেমার প্রচারণার জন্য আজ কলকাতায় গেছেন নায়িকা।
অপু বিশ্বাস বলেন, ‘ওপার বাংলার ‘আজকের শর্টকাট’ সিনেমার প্রচারে অংশ নিতে কলকাতা যাচ্ছি। আগামী ২৫ আগস্ট ঢাকা ফিরবো। আমি সব সময় চেষ্টা করি সিনেমার প্রচারে অংশ নিতে। তাছাড়া এটি আমার প্রথম কলকাতার সিনেমা। আশা করছি সিনেমাটি দেখে দর্শকদের ভালো লাগবে।’
