জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমানের স্ত্রী ছিলেন মারিয়া মিম। ২০১২ সালে তারা বিয়ে করেছিলেন। এরপর তাদের সংসারে একটি সন্তানও আসে। কিন্তু ২০১৮ সালের দিকে বিনোদন জগতে কাজ করতে চান মারিয়া। এ নিয়ে দু’জনের মধ্যে মনোমালিন্য শুরু হয়। যা এক পর্যায়ে ডিভোর্সে রূপ নেয়।
এদিকে সিদ্দিকের সঙ্গে ডিভোর্সের পর মডেলিং ও অভিনয়ে নিয়মিত হন মারিয়া মিম। এছাড়া বেশ সক্রিয় হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও।
সাজ ও পোশাকের কারণে বিভিন্ন সময় আলোচনায় আসেন মিম। এরমধ্যে সবচেয়ে বেশি আলোচিত হন বিদেশ সফরের সময়। কেননা সফরের সময় ক্রমেই পোশাক ও লুক দুটোইতে ফ্যাশন সচেতনতার ছোঁয়া দেখা যায়।
সম্প্রতি মিম অভিযোগ করলেন, পোশাকের কারণে তিনি বেশ সমালোচনার মুখে পড়েন ও কটুকথা শুনতে হয় তাকে। বিশেষ করে তার বিরুদ্ধে অভিযোগ আসে তিনি নাকি ছোট পোশাক পরেন। শুধু তা-ই নয়, শাড়ি পরার কারণেও উকিল নোটিশ পেয়েছেন তিনি।
বুধবার (১৭ আগস্ট) সন্ধ্যায় এক জাতীয় দৈনিককে এমনটাই জানালেন মারিয়া মিম।
এর আগে বিষয়টি নিয়ে ফেসবুকে মারিয়া মিম লেখেন, ‘ছোট ড্রেস মনে হয় বাংলাদেশে আমিই পরি। আর কাউকে দেখেন না আপনারা? আমার ড্রেস নিয়ে কথা বলেন কেন ভাই? অন্য মডেলরা বাংলাদেশে বিকিনি পরে ছবি দেয়, কত ধরনের ছবি দেয়, ওগুলো কিছু না? আমি যদি ওদের মতো ছবি দিতাম তাহলে তো বাংলাদেশে আগুন লেগে যেত। ’
শুধু তা-ই নয়, শাড়ি পরেও এই মডেল উকিল নোটিশ পেয়েছেন। বললেন, ‘আমি শাড়ি পরে ছবি তুললেও উকিল নোটিশ পাঠায়। কেন? আমি যেটাই পরি না কেন আমাকে অ্যাট্রাক্টিভ লাগে, এটা আমার ফল্ট নয়। ’
মিম বলেন, ‘আমি জানি না মানুষ কেন আমার পেছনে থাকে। আমি একজন মডেল, আমার পোশাক নিয়ে মানুষের এত মাথাব্যথা কেন বুঝে উঠতে পারি না। একটা সিম্পল শাড়ি পরার জন্য আমাকে উকিল নোটিশ পাঠিয়েছিল একজন। আমি অবাক হয়ে গেছি। এটা কয়েক মাস আগের ঘটনা।’
