ঈদুল আজহার পর এখনো কাজে ফিরেননি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। তিনি নতুন কিছুর জন্য আপাতট স্ক্রিপ্ট পড়ায় মন দিয়েছেন।
মেহজাবীন চৌধুরী বলেন, অনেকেই কাজ শুরু করেছে, দেখলাম। আমিও শিগগিরই শুরু করবো কিন্তু কবে এটা এখনও বলতে পারছি না। গত ঈদেও কিন্তু আমার খুব বেশি কাজ ছিলো না। আমি ইচ্ছে করেই কমিয়েছি। যা পেলাম তা করার চেয়ে, দেখে শুনে বুঝে ভালো কাজগুলোর সাথে নিজেকে যুক্ত রাখতে পারলেই আমি খুশি।
তিনি বলেন, ঈদের কাজগুলোর কথা-ই যদি বলি, সংখ্যায় কম কিন্তু সেগুলোর প্রত্যেকটা থেকে অনেক ভালো ফিডব্যাক পেয়েছি। এটাই তো আনন্দের। ভয়েস ক্লিপ, অ্যাম্বুলেন্স গার্ল, ব্যবধান, হারানো সংবাদ থেকে অসংখ্য সাড়া পেয়েছি। অনুভব করেছি, কাজ ভালো হলে সেটা দর্শক পছন্দ করবেই।’
কাজে ফিরলে মনে একটু প্রশান্তি লাগে, কাজ ছাড়া বোরিং লাগে জানিয়ে এ তারকা বলেন, ‘প্রায় সময়ই বোরিং লাগে কিন্তু পরিবারের সঙ্গে যখন সময়টা কাটাই তখন আবার সব ভুলে যাই। এছাড়া মাঝেমধ্যে নিজের কিছু ব্যক্তিগত কাজ থাকে সেগুলো করতে করতেই সময় কেটে যায়।’
‘প্রায় প্রতিদিনই অনেক স্ক্রিপ্ট আসে, কাজের ব্যস্ততায় সেগুলো অনেকসময় পড়া হয় না। যখন একটু অবসর পাই তখনই স্ক্রিপ্ট পড়ার চেষ্টা করি আর সেগুলোতে নতুনত্ব খুঁজি। এরমধ্যে আরও নতুন কিছু স্ক্রিপ্ট এসেছে। এখন সেগুলোই পড়ছি। এই বিরতিটা কাজে লাগাচ্ছি। এরমধ্যে ভালো স্ক্রিপ্টগুলো বেছে সময় সুযোগ বুঝে কাজ শুরু করবো। দিনশেষে ভালো কাজের বিকল্প নেই। অনেকগুলো কাজ না করে একটা ভালো কাজ দিয়েও দর্শকের মনে থাকা যায়।’- যোগ করেন লাক্সতারকা।





