ঢালিউডের সফল চিত্রনায়িকা মাহিয়া মাহি। আগামী ২৬ আগস্ট মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত প্রথম সরকারি অনুদানের সিনেমা ‘আশীর্বাদ’।
আপাতত সিনেমায় ব্যস্ততা কমিয়ে গাজীপুরে গড়ে তোলা নিজের রেস্তোরাঁয় সময় দিচ্ছেন মাহি। তবে ব্যস্ততা যতই থাকুক, সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত বিভিন্ন স্ট্যাটাস ও ছবি-ভিডিও শেয়ার করে ভক্তদের মাতিয়ে রাখেন তিনি।
রোববার (১৪ আগস্ট) মধ্যরাতে সোশ্যাল মিডিয়া পোস্টে মাহি লেখেন, ‘মোটামুটি রকম ভালোবাসা আর কোনোরকম সম্মান নিয়ে ৪০ বছর সংসার করার চেয়ে প্রচণ্ডরকম ভালোবাসা আর তীব্র আত্মসম্মান নিয়ে ৪ বছর সংসার করে মরে যাওয়া অনেক শান্তির।’
গুঞ্জন ওঠে, নিজেকে অভিনয় থেকে গুটিয়ে নিচ্ছেন মাহি। এ প্রসঙ্গে একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নায়িকা জানিয়েছেন, ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছি বলে অভিনয় ছাড়ছি, এমন কিছুই নয়। আগে একসঙ্গে অনেক ছবিতে কাজ করেছি। কিন্তু এখন বছরে একটি বা দুটি সিনেমায় অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছি।
নায়িকার ভাষ্যমতে, তার মাথায় আরেকটি ব্যবসায়িক ভাবনা এসেছে। তিনি প্রযোজক হতে চান। অর্থাৎ সিনেমায় অর্থলগ্নি করবেন। নিজের প্রযোজিত প্রথম সিনেমায় নায়ক চরিত্রে স্বামী রাকিব সরকারকেই নিতে চান তিনি। তবে কবে নাগাদ তিনি প্রযোজনায় নামবেন, সে প্রসঙ্গে স্পষ্ট কিছু জানাননি মাহি।
প্রসঙ্গত, ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় আত্মপ্রকাশ করেন মাহি। এরপর বেশ কিছু আলোচিত সিনেমায় অভিনয় করে নিজেকে প্রথম সারির নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেন। ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেছিলেন মাহি। গত বছরের মে মাসে অপুর সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন নায়িকা। এরপর বিয়ে করেন ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে।
