রাজধানীর চকবাজারে পলিথিন কারখানার অগ্নিকাণ্ডে ৬ জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস পরিদর্শক মো. আনোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা করে আমার আগুন নিয়ন্ত্রণ করেছি। এখন তল্লাশি কার্যক্রম চলছে। প্রাথমিকভাবে আমরা ছয়টি মরদেহ দেখতে পেয়েছি। উদ্ধারকাজ শেষে আমরা নিশ্চিত করতে পারব কতজন মারা গেছেন।’
তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তিনি।
এর আগে, ফায়ার সার্ভসের কর্মীরা জানিয়েছিলেন, আগুনের সূত্রপাত যে হোটেলে আগুন লাগার সময় সেই বরিশাল হোটেলের পাঁচ কর্মী ভেতরে ছিলেন। তাদের মধ্যে থেকে কয় জন বের হতে পেরেছেন তা কেউ নিশ্চিত বলতে পারেননি। ফলে ভবনের ভেতরে একাধিক মরদেহ থাকতে পারে।
নিখোঁজ ওসামানের খালাতো ভাই মো. রুবেল বলেন, যে ভবনে আগুন লেগেছে সেটির নিচ তলায় বরিশাল হোটেলে কাজ করত ওসমান। রাতে কাজ করে ওই ভবনের দুই তালায় ঘুমিয়ে ছিল। কিন্তু আগুন লাগার পরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। একাধিকবার তার ফোনে কল করলেও ফোন বন্ধ পাওয়া গেছে।
