Home আলোচিত এবার ঢাকায় আসছেন নোরা ফাতেহি

এবার ঢাকায় আসছেন নোরা ফাতেহি

0
120

বলিউডের নন্দিত অভিনেত্রী শিল্পা শেঠি কুন্দ্রা গত মাসেই ঢাকায় এসেছিলেন। একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘ধারকান’, ‘বাজিগর’, ‘হাঙ্গামা’র মতো সুপারহিট হিন্দি সিনেমার এই নায়িকা। এর আগে চলতি বছরের মার্চে ঢাকায় ঘুরে গেছেন আরেক অভিনেত্রী সানি লিওন। একটি বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি।

এবার ঢাকায় আসছেন আরেক বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। এটি হতে যাচ্ছে ‘সাকি সাকি’, ‘দিলবার’ গান দিয়ে ঝড় তোলা নোরার প্রথম ঢাকা সফর। জানা গেছে, ঢাকায় একটি পুরস্কার বিতরণী আয়োজনে নাচ পরিবেশন করবেন তিনি।

আজ বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠানের আয়োজক শাহজাহান ভূঁইয়া সংবাদমাধ্যমকে বলেন, ‘নোরা ফাতেহির সঙ্গে আমাদের চুক্তি চূড়ান্ত হয়েছে। উনি ডিসেম্বরে আসবেন বাংলাদেশে। ঢাকায় নোরা ফাতেহির নাচের পারফরম্যান্স হবে। এ ছাড়া ফ্যাশন শো, অ্যাওয়ার্ড অনুষ্ঠান ও গানের আয়োজন থাকছে।’

নাচ দিয়ে ভক্ত-অনুরাগীদের হৃদয়ে কাঁপন ধরাতে বেশ পটু মডেল-অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। জন আব্রাহাম অভিনীত ‘সত্যমেভ জয়তে’ সিনেমার আইটেম গান ‘দিলবার’-এ তাঁর বেলি ড্যান্স অনেক দিন মনে রাখবে মানুষ। নজরকাড়া নাচে দক্ষ এ অভিনেত্রীকে সবাই চেনে ‘দিলবার গার্ল’ হিসেবে। অবশ্য পরে আরও গানে তুফান ছুটিয়েছেন।

এই মুহূর্তে বলিউডের সেরা নারী নৃত্যশিল্পীদের একজন নোরা ফাতেহি। আইটেম গানের শিল্পী হিসেবে নোরা বলিউডের বেশ কিছু সিনেমায় নজর কেড়েছেন।

কেবল বড় পর্দায়ই নয়, ছোট পর্দা এবং মিউজিক ভিডিওতে সমান জনপ্রিয় নোরা। বিভিন্ন রিয়েলিটি শোতেও তাঁর পারফরম্যান্স নজরকাড়া।

মরোক্কীয় বংশোদ্ভূত নোরা ফাতেহির জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। ছোটবেলায় তিনি শাহরুখ খান আর হৃতিক রোশনের ভক্ত ছিলেন। আরবিতে ডাব করা তাদের অভিনীত সিনেমাগুলো দেখে বড় হয়েছেন নোরা। সেই থেকে স্বপ্ন, বলিউডে কাজ করবেন। কিন্তু রক্ষণশীল অভিভাবকের বাড়িতে সেটা ছিল প্রায় অসম্ভব। বলিউডে নাম লেখানোর স্বপ্ন নিয়ে ভারতে পা রেখেছিলেন ২৩ বছরের নোরা। পাঁচ বছরের মাথায় তিনি বলিউডের চোখে তাক লাগিয়ে দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here