ঢাকাই সিনেমায় বুবলী, পরীমনিসহ অনেক নায়িকার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন জিয়াউল রোশান। এবার সিনেমায় নবাগত জাহারা মিতুর সঙ্গে জুটি বাঁধছেন এই নায়ক। ছবির নাম ‘দ্য ডল’। এটি পরিচালনা করবেন মাহফুজুর রহমান।
রাজনৈতিক থ্রিলার নিয়ে ছবির গল্প। সেখানে প্রেম-ভালোবাসার বিষয়টিও গল্পে ধরা দিয়েছে। ছবিতে রোশানের চরিত্রের নাম আবীর। সমসাময়িক একজন রাজনৈতিক নেতার চরিত্রে দেখা যাবে তাঁকে।
রোশান বলেন, ‘এ ধরনের চরিত্রে প্রথম কাজ করব। বাস্তবে আমাদের পরিবার রাজনীতির সঙ্গে জড়িত। আমার বাবা নিজ এলাকাতে প্রায় ৪০ বছর ধরে রাজনীতি করছেন। রাজনৈতিক পরিবেশের মধ্য দিয়েই আমার বেড়ে ওঠা। সুতরাং ছবিতে একজন রাজনৈতিক নেতার চরিত্র করতে সমস্যা হবে না। গল্প শুনে আমার মনে হয়েছে, সহজেই চরিত্রটি উঠিয়ে আনতে পারব আমি। এ ধরনের চরিত্রে করতে নিজের কাছে ভালোও লাগবে।’
‘দ্য ডলে’র মাধ্যমে প্রথমবার একসঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন মিতু ও রোশান। এ প্রসঙ্গে মিতু বলেন, ‘এটা আমার ক্যারিয়ারের সাত নাম্বার সিনেমা হলেও রোশান ভাইর সঙ্গে প্রথম কাজ হতে যাচ্ছে। তার সঙ্গে আমার হাই-হ্যালো আগে থেকেই ছিল। তবে এই সিনেমার সূত্রেই প্রথম কথা হলো। ছবিটি নিয়ে আমার ও উনার ভাবনাগুলো মিলে যাচ্ছে। সবমিলিয়ে মনে হচ্ছে ভালো কিছু হবে।’
রাজনৈতিক থ্রিলার ঘরানার এই সিনেমাটিতে আপনার অভিনীত চরিত্রের ভূমিকা কতটুকু— জানতে চাইলে মিতু বলেন, ‘সিনেমাটি রাজনৈতিক থ্রিলারধর্মী হলেও আমার চরিত্রটি একজন সাধারণ মানুষের। ছোটবেলা থেকে নানা প্রতিবন্ধকতা পেরিয়ে সে একটা অবস্থানে আসে। ঠিক সেসময় তার জীবন রাজনীতি দ্বারা প্রভাবিত হয়। রাজনীতির প্রভাবে একজন সাধারণ মানুষের জীবনচিত্র কীভাবে পাল্টে যায় সেটাই তুলে ধরা হয়েছে সিনেমাটিতে।’
জানা গেছে, চলতি মাসের শেষের দিকে ছবিটির শুটিং শুরু হবে।
