সিনেমার মতো করে কেউ আমাকে প্রেমের প্রস্তাব দেয়নি: জান্নাতুল হিমি

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। দীর্ঘদিন ধরেই নিয়মিত নাটকে কাজ করছেন এই ‘গ্ল্যামার গার্ল’। তবে প্রথমবারের মতো ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে জুটি বেঁধে কাজ করছেন তিনি।

নাটকের নাম ‘ফিরে এসো সুরঞ্জনা’। সোমবার (৮ আগস্ট) থেকে রাজধানীর উত্তরার একটি শুটিং বাড়িতে নাটকটির শুটিং চলছে। নাটকটি নির্মাণ করছেন মো. তৌফিকুল ইসলাম।

অপূর্বর সঙ্গে প্রথমবার কাজ প্রসঙ্গে হিমি বলেন, আমার ক্যারিয়ারে অনেকেরই সঙ্গে কাজ করেছি। তবে এতদিন ব্যাটে বলে মিলেনি বলে অপূর্ব ভাইয়ের সঙ্গে কাজ করা হয়নি। এই প্রথমবার তার সঙ্গে কাজ করছি। প্রথম কাজ হলেও প্রথম মনে হচ্ছে না। তিনি অনেক হেল্পফুল।

হিমির প্রায় ৭০ ভাগ নাটকের সহশিল্পী নিলয় আলমগীর, অন্যদের সঙ্গে অভিনয় কম হওয়ার কারণ কী? জানতে চাইলে তিনি বলেন, কার সঙ্গে অভিনয় করব, এটা তো আমার হাতে থাকে না। আমার তো মোশাররফ ভাই, আফরান নিশো ভাইসহ সবার সঙ্গে পর্দা ভাগাভাগি করতে ইচ্ছে করে। দর্শকেরাও বলেন, একটা আর্টিস্টের সঙ্গে কেন এত কাজ করেন। এটা ডিরেক্টর, প্রযোজককে চাইতে হবে। আমার ও নিলয় ভাইয়ের জুটি দর্শক পছন্দ করেন। ভিউও হয়। আমারও ভাইয়ের সঙ্গে অভিনয় করে ভালো লাগে। আমাদের বোঝাপরাটা ভালো। দর্শক যত দিন চাইবে, কাজ করে যাব।

অভিনয়শিল্পীরা গোপনে প্রেম করেন, নিজের প্রেম সম্পর্কে জানতে চাইলে হিমি বলেন, দুর্ভাগ্যজনকভাবে আমি এখনো প্রেম করিনি। প্রেম ভালো একটা বিষয়। কিন্তু আমার নেই। অনেকেই ভাবে আমাদের এত বেশি ফ্যান–ফলোয়ার, আমাদের অনেক প্রপোজাল আসতেই থাকে। মনে হয় একটা লাইন ধরে গেছে। আসলে তেমন কিছু না। দেখা যায়, বাস্তব জীবনে অভিনয়শিল্পীরা অনেকেই একা, ফ্রেন্ডস সার্কেলও কম—আমার যতটা মনে হয়।

সামনাসামনি কখনো কেউ প্রস্তাব করেছে কি না? জানতে চাইলে এ অভিনেত্রী বলেন, আমাকে কখনো কেউ সামনাসামনি প্রেমের প্রস্তাব দেয়নি। পছন্দ করেন, এটা অনেক সময় বুঝেছি। কিন্তু ফুল নিয়ে হাঁটুগেড়ে বসে সিনেমার মতো কেউ প্রেমের প্রস্তাব দেয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *