দেশীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে টেকনিক্যাল দিক থেকে শুরু করে অনেক কিছু দেখিয়েছেন। বিদেশের সিনেমার মতো অ্যাকশন তার সিনেমার মাধ্যমেই দর্শক প্রথমবার দেখার সুযোগ পেয়েছেন। তিনি অনন্ত জলিল।
দীর্ঘ আট বছর পর গত ১০ জুলাই মুক্তি পেয়েছে অনন্ত জলিলের নতুন সিনেমা ‘দিন দ্য ডে।’ বরাবরের মতো এবারও তার সঙ্গী হয়েছেন বর্ষা। এই সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা গেছে ঢাকাই সিনেমার খ্যাতিমান অভিনেতা মিশা সওদাগরকে।
কিন্তু তিনিই সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অনন্তের সমালোচনা করলেন। মিশা সওদাগর বলেছেন, ‘‘দিন দ্য ডে’’ সিনেমা দিয়ে ইন্ডাস্ট্রির কোনো লাভ নেই!’
তার এই কথার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। কেউ কেউ বলছেন, যে সিনেমা দিয়ে ইন্ডাস্ট্রির লাভ নেই বলে ভাবছেন তাহলে সেই সিনেমায় মিশা নিজে কেন অভিনয় করেছেন।
অবশেষে এ প্রশ্নের উত্তর দিয়েছেন মিশা সওদাগর নিজেই। এ প্রসঙ্গে ঢাকাই চলচ্চিত্রের দাপুটে এই অভিনেতা বলেন, আমি পেশাদার অভিনেতা। আমি তো পালাতেও করি। আমার কাজই হচ্ছে অভিনয় করা। উনি (অনন্ত জলিল) সৌখিন অভিনেতা। উনার পেশা হচ্ছে ব্যবসা। আমাকে টাকা দিলে তোমার অফিসের প্রতিষ্ঠাবার্ষিকীতে পারফর্ম করবো- আমার তো এটাই কাজ।
অনন্ত জলিলের সিনেমা নিয়ে নিজের আগের বক্তব্যে অটল আছেন বলেও জানালেন তিনি। মিশা বলেন, হ্যাঁ এই ১২০ কোটি টাকার প্রজেক্ট ইন্ডাস্ট্রির জন্য কোনো কাজে আসবে না।
কিন্তু এ সিনেমা প্রসঙ্গে নির্মাতা সোহানুর রহমান সোহান, অনুপম হায়াৎ, আওলাদ হোসেন উজ্জ্বল, বদিউল আলম খোকন বলেছেন এটি ইন্ডাস্ট্রির জন্য ভালো।
বিষয়টি দৃষ্টি আকর্ষণ করলেন মিশা সওদাগর বলেন, আমি তাদের বক্তব্য নিয়ে আলোচনায় যেতে চাই না। তারা তাদের মতো বক্তব্য দিয়েছেন। এটা আমার কাছে কোনো আলোচনাই নয়।
