বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের পর ফল নিয়ে চলতি মেয়াদে বহু আলোচনা ও সমালোচনা হয়েছে। বিশেষ করে সাধারণ সম্পাদক পদ নিয়ে আইনি লড়াইয়ে নেমেছেন জায়েদ-নিপুণ। যদিও আদালত এখনও চূড়ান্ত সিদ্ধান্ত দেননি।
তবে বিষয়টি অনেকটা আড়ালে চলে যায়। কিন্তু সম্প্রতি সমিতির সদস্যদের কার্ড দেওয়া নিয়ে নতুন করে ‘পুরনো কাসুন্দি ঘাঁটা’র মতো অবস্থা তৈরি হয়েছে।
সমিতির মাসিক সভায় সদস্যদের যে পরিচয়পত্র প্রদান করা হয়েছে, সেখানে নিপুণ আক্তার সাধারণ সম্পাদক হিসেবে স্বাক্ষর করেছেন। পরিচয়পত্রও বিতরণ করতে দেখা গেছে এই চিত্রনায়িকাকে।
সাধারণ সম্পাদক হিসেবে নিপুণের স্বাক্ষর করা একাধিক পরিচয়পত্রের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
সাধারণ সম্পাদক হিসেবে নিপুণ পরিচয়পত্রে স্বাক্ষর করেছেন, এই বিষয়ে কথা বলতে সমিতির সভাপতি, বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চনের সঙ্গে যোগাযোগ করা হলে খানিকটা বিরক্তি প্রকাশ করে তিনি বলেছেন, ‘এ ব্যাপারে যদি সন্দেহ থাকে, কোর্টে গিয়ে জিজ্ঞাসা করুন।’
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়।
